নুরুন্নবীকে রক্ষায় তৎপর আ.লীগের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যার ঘটনায় সাংসদ নুরুন্নবী চৌধুরীকে নিয়ে অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই হত্যা মামলায় দলীয় সাংসদ হিসেবে নুরুন্নবীকে যাতে বাড়তি সুবিধা না দেওয়া হয়, সে বিষয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগের একটি ছোট অংশ নুরুন্নবীকে বাঁচাতে বেশ তত্পর রয়েছে বলেও জানা গেছে। তারা দলের শীর্ষ নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করছে, নুরুন্নবী ঘটনার শিকার। এ বিষয়ে বেশি নাড়াচাড়া করলে বিরোধী দল অপপ্রচার চালানোর সুযোগ পাবে। এর মধ্যে নুরুন্নবীকে রক্ষায় সবচেয়ে সক্রিয় বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ দুই নেতা একসময় যুবলীগের নেতৃত্বে ছিলেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ইব্রাহিমের মতো নিবেদিতপ্রাণ কর্মীর মৃত্যু কষ্টকর। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত।অবশ্য নুরুন্নবী চৌধুরী এ ঘটনায় গ্রেপ্তার এড়াতে এরই মধ্যে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাঁকে হয়রানি বা গ্রেপ্তার না করতে গত মঙ্গলবার নির্দেশ দিয়েছেন।নুরুন্নবী চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, ‘নিরপেক্ষ তদন্ত হচ্ছে। আমি নির্দোষ প্রমাণিত হব। দল আমার পাশে আছে।’আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জানান, প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক নুরুন্নবীর উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করেছেন। কিন্তু দলের কয়েকজন নেতা নুরুন্নবী সম্পর্কে প্রধানমন্ত্রীর মনোভাব নমনীয় করার জন্য নানা মাধ্যমে যোগাযোগ করছেন।প্রধানমন্ত্রী ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বলেছেন, অপরাধী দলের যেকোনো পর্যায়ের নেতাই হোক না কেন, পার পাবে না।একই অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বক্তৃতায় নুরুন্নবীকে ইঙ্গিত করে বলেছেন, এ ধরনের ঘটনা ও আচরণ দলের অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত করছে।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াও গত মঙ্গলবার এক বক্তৃতায় ‘সরকারি দলের সাংসদ মানুষ খুন করে ঘুরে বেড়াচ্ছে’ বলে অভিযোগ করেছেন।নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে দলীয় কর্মী হত্যার এই অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগের বক্তব্য জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কিন্তু তা প্রমাণিত হয়নি। তাই এ বিষয়ে এখনই দলের কোনো বক্তব্য নেই।আওয়ামী লীগের কেন্দ্রীয় আরেক নেতা জানান, আওয়ামী লীগে পদ-পদবির জন্য দ্বন্দ্ব ও মারামারির ঘটনা অতীতেও ঘটেছে। দল ক্ষমতায় আসার পর এসব আরও বেড়েছে। বিশেষ করে ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বেশি। এটা দল ও সরকারের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করছে।নুরুন্নবীর উত্থান: নব্বইয়ের দশকের পর নুরুন্নবী চৌধুরীর উত্থান শুরু। রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের পুরো প্যানেল জয়ী হলেও ভিপি হিসেবে জয়লাভ করেন নুরুন্নবী চৌধুরী। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাঁকে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক করা হয়। আর তখন থেকেই সরকারি উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ বা টেন্ডারবাজ চক্রের সঙ্গে নুরুন্নবী চৌধুরীর সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। এরপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি হরতালবিরোধী মিছিল থেকে গুলি করে বহুল আলোচিত মালিবাগ হত্যাকাণ্ডের ঘটনায়ও নুরুন্নবী চৌধুরীর নাম আসে। তিনি এ মামলার আসামিও। মালিবাগ হত্যাকাণ্ডের সময় অস্ত্র হাতে যে যুবকের ছবি পত্রপত্রিকায় ছাপা হয়, তিনি তখন নুরুন্নবীর দেহরক্ষী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দ্রুত বিচার আদালত নুরুন্নবীসহ ১৪ জনকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।মালিবাগ হত্যাকাণ্ড ছাড়াও নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে রাজধানীতে আরও অন্তত সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ইতিপূর্বে নিষ্পত্তি হয়েছে। এই সাত মামলার কথা তিনি নিজেই নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন।টেন্ডারবাজির অভিযোগ: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উন্নয়নকাজের দরপত্র ভাগবাটোয়ারার নিয়ন্ত্রণে (টেন্ডারবাজি) নুরুন্নবী চৌধুরী বড় ধরনের ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে। আর এ ক্ষেত্রে তাঁর প্রধান সহযোগী একজন প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস)। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের অধীনে গত বছর মোহাম্মদপুরে রাস্তাঘাট উন্নয়নে ৬০ কোটি টাকার দরপত্র এবং পুরান ঢাকার নাজিরা বাজারে ১২ কোটি টাকা ব্যয়ে হানিফ কমিউনিটি সেন্টারের ঠিকাদারির কাজ ভাগবাটোয়ারার ঘটনা বহুল আলোচিত।এসব বিষয়ে সাধারণ ঠিকাদারেরা মুখ খুলতে সাহস পান না। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, নুরুন্নবী এখন আর নিজের প্রতিষ্ঠানের নামে কাজ নেন না। কে কোন দরপত্রে অংশ নিতে পারবেন বা কে কোন কাজ পাবেন, এ বিষয়ে সমঝোতা ও কমিশন আদায় এবং তা ভাগবাটোয়ারা তিনি নিয়ন্ত্রণ করেন। সাংসদ হওয়ার পর তিনি নগর ভবনে খুব কম যান, টেলিফোনেই সবকিছু নিয়ন্ত্রণ করেন।ওই ঠিকাদার আরও বলেন, নুরুন্নবী ও ওই প্রতিমন্ত্রীর এপিএসের সঙ্গে সমঝোতা না করে নগর ভবনে ঠিকাদারি করা সম্ভব নয়। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তর ও সড়ক ভবনের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণেও নুরুন্নবীর বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে।অবশ্য নুরুন্নবী চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘টেন্ডারবাজি আমি করি না। আগে ঠিকাদারি ব্যবসা করতাম। সাংসদ হওয়ার পর সময় দিতে পারি না। এখন মাসে ১৫-২০ দিন থাকি নির্বাচনী এলাকায়।’