নুরুন্নবীর আরও দুই সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলায় সাংসদ নুরুন্নবী চৌধুরীর আরও দুই সহযোগী দেলোয়ার হোসেন ও শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল শনিবার রাজধানীর পৃথক দুটি স্থান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।এর আগে সিআইডি সাংসদের ঘনিষ্ঠ সহযোগী মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা জানান, ইব্রাহিম খুনের সময় দেলোয়ার ও শিমুল সাংসদ নুরুন্নবীর সঙ্গে সংসদ ভবনেই ছিলেন। গ্রেপ্তার হওয়া মাজহারুল পুলিশকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া সাংসদের গাড়িচালক কামাল হোসেন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জানান, তিনি ইব্রাহিমকে হাসপাতালে দিয়ে বাসায় চলে যাওয়ার পর দেলোয়ার তাঁকে ফোন করে ঘটনা সম্পর্কে জানতে চান। কামাল আরও বলেছেন, ইব্রাহিমকে চিকিৎসক মৃত ঘোষণার পর সাংসদ হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। ওই সময় দেলোয়ার ও শিমুল তাঁর গাড়িতেই ছিলেন। সিআইডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া মাজহারুল ইসলাম জিজ্ঞাসাবাদে বলেছেন, সাংসদের নির্দেশেই তাঁর গাড়িচালক শেরেবাংলা নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছিলেন। এই মামলা দায়েরের আগে মহানগর পুলিশের দুজন কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপমৃত্যু মামলাটি রেকর্ড করার জন্য বলেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খন্দকার আবদুল হালিম জানান, মিঠুর দেওয়া বক্তব্য তাঁরা খতিয়ে দেখছেন। এ ঘটনায় যাঁদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।