নুরুন্নবীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার সুযোগ নেই: শহীদুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলটি ব্যবহূত হলেও তাঁর বিরুদ্ধে আইনে মামলা করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) এ কে এম শহীদুল হক। আজ মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।এর আগে গত রোববার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী অপরাধ করেছেন। প্রতিমন্ত্রীর এ মন্তব্য কীভাবে দেখছেন, তা জানতে চাইলে মহানগর কমিশনার বলেন, ‘আমি এ বক্তব্য শুনিনি। এ সম্বন্ধে কিছু বলতে পারব না।’এর আগে ইব্রাহিম নিহত হওয়ার দুই দিন পর গত ১৫ আগস্ট রাজারবাগে এক অনুষ্ঠানে ইব্রাহিমের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিলেন শহীদুল হক। কমিশনার এ বক্তব্য নিয়ে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ইব্রাহিমের স্বজনেরা। তাঁরা মামলার নিরপেক্ষ তদন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।এ ঘটনার তদন্তের পর ২ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।তবে এখন পর্যন্ত সাংসদ নুরুন্নবীকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি—এ প্রসঙ্গে কমিশনার বলেন, সাংসদের সঙ্গে তদন্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সব সময় যোগাযোগ হচ্ছে। এখন তদন্ত চলছে। প্রয়োজনে তাঁকে ডাকা হবে। তবে কমিশনার বলেন, ‘আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।’মামলার তদন্ত শত ভাগ নিরপেক্ষ হচ্ছে দাবি করে কমিশনার বলেন, ‘আপনাদের পুলিশের ওপর আস্থা নেই। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি, খুনি যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে। তবে পুলিশের ওপর আস্থা রাখতে হবে।’উল্লেখ্য, ইব্রাহিমের হত্যাকাণ্ড নিয়ে এখন তিনটি মামলা আছে। এর একটি আদালতে করা নালিশি মামলা। নিহত ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ এ মামলা করেছেন। অন্য মামলাটি দায়ের করেছে সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়ি চালক কামাল হোসেন। সর্বশেষ মামলাটি দায়ের করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের সদস্যরা এখন মামলাটি তদন্ত করছেন।তবে পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই অভিযোগ করা হচ্ছে, ইব্রাহিমের হত্যার ঘটনা নিয়ে পুলিশ রহস্যময় আচরণ করছে।