নুরুল আমিন ও পরেশ বড়ুয়ার বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. নুরুল আমিন ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে আদালত দুজনের মালামাল জব্দের আদেশ দেন। তবে দুই আসামি বর্তমানে পলাতক।আদালত আসামিদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্রও আমলে নেন। গতকাল অস্ত্র ও চোরাচালান আইনে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। আসামিদের উপস্থিতি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে আগামী ১ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।জানা গেছে, সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. নুরুল আমিন ও উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া দুই মামলার আসামি। সম্পূরক অভিযোগপত্রে এ দুজনসহ নতুন আসামি ১১ জন। অন্য নয়জন কারাগারে আছেন।মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ গতকাল দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক গোলাম সরওয়ারের আদালতে সম্পূরক অভিযোগপত্র উপস্থাপন করেন। তিনি আদালতকে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের সঙ্গে রাষ্ট্রের সার্বভৌমত্ব জড়িত। কিছু প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশের ভেতর দিয়ে পাচারের জন্য অস্ত্রগুলো আনে। এ ব্যাপারে অধিকতর তদন্ত হয়। এতে প্রভাবশালী ১১ ব্যক্তির জড়িত থাকার বিষয়টি সিআইডির তদন্তে বেরিয়ে আসে।পিপি আরও বলেন, ‘১১ আসামির মধ্যে সাবেক ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন ও উলফার নেতা পরেশ বড়ুয়া পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে আবেদন করছি।’পিপির বক্তব্যের সঙ্গে সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বক্তব্য দেওয়া শুরু করেন। বিচারক তাঁদের অভিযোগ শোনার আশ্বাস দিয়ে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আপনাদের বক্তব্য শোনা হবে।’২০০৪ সালের ২ এপ্রিল ভোরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্ত শুরু হয়। তদন্তে জোট সরকারের মন্ত্রী ও তৎকালীন গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে।১০ ট্রাক অস্ত্র আটকের দুই মামলার নতুন অন্য নয়জন আসামি হলেন জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক (পরে এনএসআইয়ের মহাপরিচালক) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহম্মদ, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দীন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক এনামুল হক।পিপি কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা তামিলের জন্য ফৌজদারি কার্যবিধির ৮৭ ধারা অনুযায়ী ন্যূনতম এক মাস সময় দিতে হয়। বিশেষ ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক এক মাস এক দিন সময় দিয়ে আগামী ১ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।পিপি আরও বলেন, এক মাসের মধ্যে পলাতক আসামি গ্রেপ্তার না হলে পরবর্তী শুনানির দিন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে পলাতক আসামি নুরুল আমিনের জন্য এটি প্রযোজ্য হবে। পরেশ বড়ুয়া ভারতীয় নাগরিক হওয়ায় তাঁর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।বিচারিক ক্ষমতা দিয়ে মন্ত্রণালয়ের চিঠি: চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও ট্রাইব্যুনাল-১ এর পদটি কয়েক দিন ধরে শূন্য রয়েছে। তাই নতুন বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত মহানগর আদালতের অতিরিক্ত প্রথম বিচারক গোলাম সরোয়ারকে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক ক্ষমতা দেওয়া হয়। গত মঙ্গলবার বিকেলে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি চট্টগ্রাম মহানগর দায়রা জজের কার্যালয়ে এসে পৌঁছায়। এ কারণে মহানগর অতিরিক্ত প্রথম আদালতের বিচারক গতকাল সম্পূরক অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।