নুরুল আলমের মডেল স্কুল
সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছে গাইবান্ধার জাতীয় শ্রেষ্ঠ শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে বাস্তবেও একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। না দেখলে বিশ্বাস হয় না, প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা একটি প্রাথমিক বিদ্যালয় এতটা সাফল্য অর্জন করেছে। শিক্ষায় সাফল্য অর্জনের জন্য ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ ও বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পুরস্কৃত হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯১৬ সালে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় তিন একর জমিতে গড়ে ওঠে। গাইবান্ধার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা মহাসড়কের পাশে গড়ে ওঠা বিদ্যালয়টি ১৯৭৩ সালে সরকারীকরণ হয়। তখন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ২২৫ জন। লেখাপড়ার পরিবেশ ছিল আর দশটি বিদ্যালয়ের মতো গতানুগতিক। ১৯৮১ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন মো. নুরুল আলম। ১৯৮৪ সালে শুরু করেন বিদ্যালয়কে বদলে দেওয়ার প্রক্রিয়া। প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টা, মেধা ও পরিশ্রমে বিদ্যালয়টি এত সাফল্য অর্জন করেছে। শিক্ষাব্যবস্থাকে চাঙা করতে প্রধান শিক্ষক নুরুল আলম প্রথম অবস্থায় ছাত্রদের লেখাপড়ায় মনোযোগী করার জন্য ২২৪ আসনবিশিষ্ট আবাসিক ছাত্রাবাস চালু করেন। এই ছাত্রাবাসে বসবাসরত প্রতি ১০ জন ছাত্রের যত্ন নেওয়ার জন্য একজন করে শিক্ষক নিয়োগ করেন। বর্তমানে ছাত্রাবাসের ২৮০ জন ছাত্রের দেখানোর জন্য ছয়জন তত্ত্বাবধায়ক ও ৩৬ জন শিক্ষক নিয়োজিত আছেন। প্রতিজন শিক্ষককে তিন হাজার ৫০০ টাকা থেকে সাত হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন-ভাতা দেওয়া হয়। ১৯৮৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই বিদ্যালয় থেকে বিভিন্ন গ্রেডে শতাধিক ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছে। নিয়মিত লেখাপড়া ও খেলাধুলার অনুকূল পরিবেশ রয়েছে সেখানে। রোভার স্কাউট ও সংগীত বিভাগ তো আছেই। বিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির প্রতিকৃতি, শাপলা চত্বর, পাহাড়-পর্বত ও সমুদ্রসৈকতের কৃত্রিম মডেল, লাইব্রেরি প্রভৃতি মিলে রয়েছে এক মনোরম পরিবেশ। এসব দেখার জন্য প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষার্থী এখানে শিক্ষা সফরে আসে। এ ছাড়া প্রতিটি শ্রেণীকক্ষ ও ছাত্রাবাসকক্ষের নামকরণ করে শিক্ষার্থীদের সামনে নতুন শব্দ তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে গানে গানে, পাতায় পাতায়, দীপের আলোক, ঊর্মিমালা, নয়নের নীড়, ক্ষমতার মিলন, প্রতিভা, বিকাশ, পল্লবী, উলকা, মোহনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যালয়ে সংগীত বিভাগও রয়েছে। সুশৃঙ্খল পরিবেশ, দক্ষভাবে পরিচালনা, আকর্ষণীয় শিক্ষাপদ্ধতি, শিক্ষা-উপকরণ সমাবেশ, শিক্ষার মান, পাঠক্রমের অতিরিক্ত প্রতিভা বিকাশের অনুকূল সাংস্কৃতিক-সামাজিক কর্মকাণ্ডের জন্য ১৯৮৫ সালে নুরুল আলম শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জাতীয় পুরস্কার পান। এ জন্য তিনি একটি সার্টিফিকেট, ট্রফি ১০ হাজার টাকা পুরস্কার পান। ন্যাশনাল একাডেমিক ফর প্রাইমারি এডুকেশন এই পুরস্কারের ব্যবস্থা করে। ১৯৯০ সাল থেকে শিবরাম শ্রেষ্ঠ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯১ সালে ইউনিসেফ বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯৬ সালে বিদ্যালয়টিও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এত সাফল্য অর্জনের পরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বসে নেই। শিক্ষার উন্নয়নে তিনি নতুন নতুন উদ্যোগ হাতে নিচ্ছেন। তিনি ২০০৬ সালে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদানে ভিন্নতা আনেন। প্রতি ক্লাসের মেধাবী ছাত্রছাত্রীদের দ্বারা পাঠদান কার্যক্রম শুরু করেন। পাঠদানের সময় শ্রেণীশিক্ষক পাশে দাঁড়িয়ে সহযোগী হিসেবে কাজ করেন। নুরুল আলম বলেন, ক্লাসে অনেক ছাত্রছাত্রী লজ্জায় তাদের অজানা কথা শিক্ষকদের বলতে চায় না। এই পদ্ধতি চালু করায় ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি হয়েছে। পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব গড়ে ওঠে এবং খোলামেলা পরিবেশে শিক্ষার্থীরা আলোচনা ও সিদ্ধান্ত নিতে পারে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান বলেন, এই পদ্ধতিতে পাঠদানের কারণে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে। ১৯২ জনের মধ্যে প্রথম বিভাগ পেয়েছে ১৭৯ জন এবং দ্বিতীয় বিভাগ পেয়েছে ১৩ জন। এ ছাড়া ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ১৬০ জন ছাত্রছাত্রীকে ইংলিশ মিডিয়ামে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি ক্লাসে ৪০ জন হিসেবে ১৬০ জন ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে। ২০১০ সালের জানুয়ারি থেকে পঞ্চম শ্রেণীর ৪০ জনকে এই মিডিয়ামের আওতায় আনা হবে। বিদ্যালয়ে সার্বিক কর্মপরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক-অভিভাবক সমিতি, উপদেষ্টা পরিষদ, ছাত্রাবাস ব্যবস্থাপনা পরিষদ গঠন করা হয়েছে। এত কৃতিত্বের পরও এই বিদ্যালয়ে সমস্যা অনেক। মডেল বিদ্যালয় হিসেবে এক হাজার ৪১০ জন ছাত্রছাত্রীর জন্য ২৮ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে আছে মাত্র ১৪ জন। এ ছাড়া প্রয়োজনীয় পিয়ন ও নাইটগার্ড নেই। কয়েকটি ভবন ধসে পড়ার উপক্রম হয়েছে। ছাত্রাবাসের শিক্ষক দিয়ে কোনোমতো ক্লাস চালানো হচ্ছে। এ ব্যাপারে শিবরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম প্রথম আলোকে বলেন, তিনি এই বিদ্যালয়কে ট্রেনিং মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নতি করতে চান। জীবনবৃত্তান্ত: ৫৮ বছর বয়স্ক প্রধান শিক্ষক মো. নুরুল আলমের মডেল স্কুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবুল হোসেন ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর তিন ছেলের মধ্যে একজন সরকারি কলেজের অধ্যাপক, দুজন ছাত্র। তিন মেয়ের বিয়ে হয়েছে। স্ত্রী জোহরা খাতুন গৃহিণী।