নুরুল ইসলামকে সম্মাননা দিয়ে দেশ গর্বিত
প্রবীণ অর্থনীতিবিদ নুরুল ইসলামকে সম্মান জানিয়ে বাংলাদেশই গর্বিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক পুরস্কার গ্রহণ করে তিনি এ দেশের মানুষকে সম্মানিত করেছেন।অর্থনীতি বিষয়ে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলামকে সম্মাননা জানাতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, অর্থনীতির তাত্ত্বিক ও প্রায়োগিক গবেষণায় নুরুল ইসলামের দীর্ঘ ছয় দশকের যে নিরন্তর কাজ, এই পুরস্কার তাঁর এক বিনীত স্বীকৃতি।জবাবে অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অনেক অর্থনীতিবিদই জনগণের কাছে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তবে আমি সারা জীবন দৃষ্টির আড়ালেই অর্থনীতি চর্চা করেছি। আজ বাংলাদেশ ব্যাংক আমাকে আড়াল থেকে বের করে নিয়ে এসেছে।’উল্লেখ্য, নুরুল ইসলাম বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটে (আইএফপিআরআই) রিসার্চ ফেলো ইমেরিটাস হিসেবে কর্মরত। গতকাল বুধবার বিকেলে ঢাকায় একটি হোটেলে অধ্যাপক নুরুল ইসলামকে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০০৯’ প্রদানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নুরুল ইসলামকে স্মারক স্বর্ণপদক গলায় পরিয়ে দেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘নুরুল ইসলামকে সম্মাননা দিয়ে আমরাই সম্মানিত হলাম।’মিতা হকের রবীন্দ্র সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান। অধ্যাপক নুরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, নুরুল ইসলাম নিজেই একটি প্রতিষ্ঠান। বাণিজ্যনীতি থেকে শুরু করে খাদ্যনিরাপত্তা পর্যন্ত তাঁর কাজের বিস্তৃতি। তিনি পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস গঠন ও ঢাকায় নিয়ে আসায় মূল ভূমিকা রাখেন। স্বাধীন বাংলাদেশে এটি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান হয়, যার নেতৃত্ব দেন নুরুল ইসলাম।খলীকুজ্জমান আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পুরস্কারটি উপলক্ষ মাত্র। নুরুল ইসলাম যে আমাদের মাঝে এসেছেন, এটাই আমাদের পরম পাওয়া।’নুরুল ইসলামের সহপাঠী ও বাংলাদেশের আরেক প্রবীণ অর্থনীতিবিদ মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশে পরিকল্পনা কমিশন গঠন ও প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে নুরুল ইসলামের অসাধারণ নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘তত্কালীন রাজনৈতিক নেতৃত্বকে বাংলাদেশের উন্নয়ন গন্তব্য বোঝানোর দুরূহ কাজটি তিনিই করেছিলেন।’মোশাররফ হোসেন আরও বলেন, পাকিস্তান আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য-বঞ্চনার দিকটি তিনি ও রেহমান সোবহান তুলে ধরেছেন, যা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করেছে।অধ্যাপক নুরুল ইসলাম তাঁর বক্তৃতায় বিশ্ব অর্থনৈতিক সংকটের বিভিন্ন দিক সম্পর্কে তাঁর পর্যালোচনা তুলে ধরেন। উদ্বেগ প্রকাশ করেন আয়-বৈষম্য বেড়ে যাওয়ায়। তিনি বলেন, আর্থিক সংকটের পর উন্নত ও উন্নয়নশীল সব দেশেই বৈষম্য বেড়েছে। যুক্তরাষ্ট্রে বৈষম্য বেড়েছে। চীনে তা প্রকট হয়েছে। বাংলাদেশের আয়-বৈষম্যের প্রসঙ্গে নুরুল ইসলাম বলেন, খেলাপি ঋণ ও কর ফাঁকি এর অন্যতম কারণ। তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটে এটা প্রমাণিত হয়েছে যে আগে থেকে পরিকল্পনা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সুরক্ষা দেওয়া যায় না। কারণ, সংকটের প্রভাব একেক শ্রেণীর মানুষের ওপর একেকভাবে পড়ে।নুরুল ইসলাম উদাহরণ দিয়ে বলেন, পোশাক রপ্তানি ব্যাহত হলে বাংলাদেশের নারী-শ্রমিকদের ওপর যে রকম প্রভাব পড়বে, বিদেশ থেকে অর্থ আসা ব্যাহত হলে এর ওপর নির্ভরশীল পরিবারগুলোর ওপর একই রকম প্রভাব পড়বে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা আকবর আলি খান, মির্জ্জা আজিজুল ইসলাম ও হোসেন জিল্লুর রহমান, শিক্ষাবিদ আনিসুজ্জামান, গণফোরামের সভাপতি কামাল হোসেনসহ সাংসদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যাংকার ও বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা যোগদান করেন।