নুহাশপল্লীতে ইউনূস ও তাঁর পরিবার
জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার সকালে ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরের নুহাশপল্লীতে গিয়ে প্রিয় লেখকের কবর জিয়ারত করেন। নুহাশপল্লীর কর্তৃপক্ষ জানায়, ইউনূস কোনো খবর না দিয়ে আজ স্ত্রী আফরোজি ইউনূস ও মেয়ে দীনাসহ ১২-১৩ জনকে সঙ্গে নিয়ে নুহাশপল্লীতে যান। কিন্তু সে সময় নুহাশপল্লীর প্রধান ফটক খোলা না থাকায় তিনি তাঁর গাড়ি বাইরে রেখেই ভেতরে যান। পরে সদ্যপ্রয়াত হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে হুমায়ূন আহমেদের স্বপ্নের নুহাশপল্লীর ঔষধি বাগান, বৃষ্টি বিলাস, লীলাবতী দিঘি, ভূত বিলাসসহ তাঁর থাকার ঘরটিও ঘুরে দেখেন। নুহাশপল্লীতে এক ঘণ্টা ছিলেন ড. ইউনূস।নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ড. ইউনূস আসার সময় হুমায়ূন স্যারের পরিবারের কেউ ছিলেন না।এর আগে গতকাল রোববার ইউনূস পল্লবীতে হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের সঙ্গে দেখা করেন। গত ১৯ জুলাই নিউইয়র্কে চিকিত্সাধীন অবস্থায় হুমায়ূন আহমেদ মারা যান। ২৩ জুলাই তাঁকে ঢাকায় আনা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই দুপুরে গাজীপুরের নুহাশপল্লীর লিচু বাগানে তাঁর মৃতদেহ দাফন করা হয়।