নুহাশপল্লীতে এতিম শিশুদের সঙ্গে শাওন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চেহলাম উপলক্ষে আজ মঙ্গলবার নুহাশপল্লীতে নিজ হাতে বেড়ে এতিম শিশুদের খাওয়ালেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে নিষাদ ও নিনিত, বাবা মোহাম্মদ আলী, মা তহুরা আলীসহ পরিবারের সদস্যরা।প্রয়াত লেখকের চেহলাম উপলক্ষে আশপাশের এতিমখানার শিশুরা সকাল সাড়ে ১০টা থেকে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত শুরু করে। দুপুরের দিকে কোরআন খতম দেয় তারা। লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে নুহাশপল্লীতে জড়ো হয়েছেন অনেক ভক্ত। দুপুরের দিকে নুহাশপল্লীর বৃষ্টিবিলাস ভবনের সামনে এতিম শিশুদের পাতে খাবার তুলে দেন শাওন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘নুহাশপল্লীর আশপাশের ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকায় যে কয়টি এতিমখানা আছে, সেখানকার সব শিশুকে আজ এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আমি নিজে বেড়ে খাওয়াচ্ছি। হুমায়ূন আহমেদ নিজে বেড়ে খাওয়াতে পছন্দ করতেন।’শাওন সাংবাদিকদের বলেন, ‘আজ হুমায়ূন আহমেদ চলে যাওয়ার ৪০ দিন। অনেকের কাছে হুমায়ূন আহমেদ নেই। আমার ও আমার দুই সন্তাদের কাছে তিনি আছেন। তাঁর দেহটা নেই, কিন্তু তিনি সব সময় আছেন।’ শাওন প্রয়াত লেখকের আত্মার শান্তির জন্য সবার দোয়া চান। দোয়া চান তাঁর দুই সন্তানের জন্যও। তিনি বলেন, ‘দোয়া করবেন ওরা যেন বাবার মতো হতে পারে।’ দুই ছেলে নিষাদ ও নিনিত সম্পর্কে তাদের মা শাওন বলেন, ওরা চেহলাম কী বোঝে না। বুঝতে পারছে না বাবা নেই। নিষাদের ধারণা, ওর বাবা মাঝেমধ্যে আসবে। জন্মদিনে কেক কাটার সময় বাবা এসে উপহার দিয়ে চলে যাবে।শাওন বলেন, ‘নুহাশপল্লীতে গিয়ে নিষাদ-নিনিত বাবার কবরে হাত বুলায়। আর বলে, ‘আমরা বাবাকে আদর করছি।’ বাবাকে হারানোর ৪০ দিনে সাড়ে পাঁচ বছরের ছেলে নিষাদের অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সে হঠাত্ করেই বড় হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করে, “মা, তুমি কি বাবাকে মিস করছ? বাবাকে যখন মিস করবে, তখন আমাদের আদর করবে”।’শাওনের বাবা মোহাম্মদ জানান, ভাত, গরুর মাংস ও মাষকলাইয়ের ডাল দিয়ে চেহলামে আসা এতিম শিশুদের খাওয়ানো হচ্ছে। এই খাবার হুমায়ূন আহমেদের খুব প্রিয় ছিল।বাংলা সাহিত্যের নন্দিত এই কথাশিল্পী গত ১৯ জুলাই নিউইয়র্কে ইন্তেকাল করেন। ২৪ জুলাই তাঁর মরদেহ গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে নুহাশপল্লীর লিচুবাগানে দাফন করা হয়।