নুহাশপল্লীতে গুলতেকিনের চার সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের নুহাশপল্লীতে গিয়ে বাবা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন নোভা, শীলা, বিপাশা ও নুহাশ আহমেদ। আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে তাঁরা সেখানে পৌঁছান। এ সময়ে তাঁদের সঙ্গে ছিলেন নোভার দুই মেয়ে আরিশা ও আনুভা, নোভার স্বামী মো. আরশাদ আলী, শীলার শাশুড়ি, মেয়ে অনোরা ও স্বামী অপুসহ স্বজনেরা। কবর জিয়ারতের সময় তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।এদিকে নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল প্রথম আলো ডটকমকে জানান, সকাল থেকেই নুহাশপল্লীতে ভক্তদের ভিড়। দূর থেকে ভক্তরা এসেছেন প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে। কবর জিয়ারত করার সময় ভক্তরা কান্নায় ভেঙে পড়েন। প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ মোর্তজা জানান, তিনি ঢাকার খিলগাঁওতে থাকেন। দুই বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে প্রিয় লেখকের কবর জিয়ারত করতে গিয়েছেন। মোহাম্মদ মোর্তজা জানান, তিনি একজন হিমু। তাই তিনি তাঁকে ভুলতে পারছেন না। প্রিয় লেখকের কবর জিয়ারত করার সময় কান্নায় ভেঙে পড়েন মোর্তজা।ময়মনসিংহের ভালুকা থেকে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে এসেছেন গৃহিণী রুখসানা। কবর জিয়ারতের সময় কান্নায় ভেঙে পড়েন তিনিও। তিনি বলেন, ‘প্রিয় এই লেখকের অনেক বই পড়েছি। নাটক দেখেছি। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছি।’ঢাকায় কর্মরত জাপানি সংস্থা জাইকার কর্মকর্তা মো. সিরাজ উল্লাহ নুহাশপল্লীতে প্রিয় লেখকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বলেন, ‘বাংলা সাহিত্যে হুমায়ূন স্যারের বহু অবদান রয়েছে। তিনি সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেছেন। আমার এই প্রিয় মানুষটি হারানোর বেদনা থেকে তাঁর আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত করতে এসেছি। তবে ঢাকায় কবরটি হলে বেশি ভক্তরা জিয়ারত করার সুযোগ পেতেন। এখন ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই আসতে পারেন না।’ঢাকা থেকে রফিকুল ইসলাম গিয়েছেন নুহাশপল্লীতে। তিনি জানান, হুমায়ূন স্যার একজন বিখ্যাত মানুষ ছিলেন। ঢাকায় কবরটি হলে হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকত।বাউল শিল্পী হালিম সরকারও গিয়েছিলেন কবর জিয়ারত করতে। তিনি জানান, ‘স্যারের মতো অমায়িক লোক পাওয়া কঠিন। স্যারের বিভিন্ন নাটকের দৃশ্যে আমার গাওয়া চারটি গান রয়েছে। আমি তাঁকে অনেক কাছ থেকে দেখেছি। ছোটখাটো ভুল হলেও স্যার কখনো রেগে যাননি। এমন লোক আর পাওয়া যাবে কি না, জানি না।’