নুহাশপল্লীতে ডাকাত সন্দেহে আটজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পিরুজালি এলাকার নুহাশপল্লীতে ডাকাত সন্দেহে গতকাল বুধবার রাতে আটজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন: রুবেল মিয়া, রেজাউল করিম, সুলতান উদ্দিন প্রধান, তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা, ছেলে ইমন, সাকিব, তামিম ও আফজাল হোসেন।নুহাশপল্লী কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে করে নয়জন নুহাশপল্লীর প্রধান ফটকে যায়। তারা গেটে ধাক্কা দেয়। গেট না খোলা হলে তারা দেয়াল টপকে নুহাশপল্লীর ভেতরে যায়। এ সময় তারা পিস্তল দেখিয়ে নুহাশপল্লীর কর্মচারীদের ভয় দেখায়। পরে তারা বৃষ্টিবিলাসের দিকে গেলে নুহাশপল্লীর কর্মচারীরা গেটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার করেন। এ সময় এলাকাবাসী গিয়ে তাদের আটক করে গণপিটুনি দেন।নুহাশপল্লীর ব্যবস্থাপক বুলবুল আহাম্মেদ প্রথম আলো ডটকমকে বলেন, গত কয়েকদিন ধরে পিরুজালিসহ আশপাশের এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। যার কারণে এলাকাবাসী পালা করে রাত জেগে পাহারা দেন। ডাকাত বলে চিত্কার দিলে এলাকাবাসী ওই ব্যক্তিদের আটক করে পুলিশে দিয়েছেন।তবে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে আহত ব্যক্তিদের বরাত দিয়ে জানান, তাঁদের দাবি তাঁরা (আহত ব্যক্তিরা) নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবরে মোমবাতি প্রজ্বালন করতে যান। এ সময় গেট দিয়ে ঢুকতে না দিলে তাঁরা সীমানা প্রাচীরসহ গেটের তালা ভেঙে ভেতরে ঢোকেন। একপর্যায়ে নুহাশপল্লীর কর্মচারীরা ডাকাত বলে চিত্কার দিলে এলাকাবাসী তাঁদের আটক করে গণপিটুনি দেন।