নুহাশপল্লীতে হুমায়ূনের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে আজ শনিবার দুপুরে তাঁর মা আয়েশা ফয়েজসহ স্বজনেরা গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে আসেন। এ সময় মা আয়েশা ফয়েজ ছেলে হুমায়ূনের কবরের পাশে একটি তালিপাম-গাছের চারা রোপণ করেন। পরে ফাতেহা পাঠের মাধ্যমে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করেন। হুমায়ূন আহমেদের কবরে পিরোজপুরে সমাহিত তাঁর বাবার কবরের মাটি ছড়িয়ে দেন মা ও ভাই-বোনেরা। এ সময় হুমায়ূন আহমেদের মায়ের সঙ্গে খালা রিজিয়া খানম, বোন সোফিয়া হায়দার ও তাঁর স্বামী অপেল হায়দার, ছোট বোন রোকসানা আহমেদ, ভাই আহসান হাবীবসহ পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন। হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব সাংবাদিকদের জানান, নুহাশপল্লী থাকবে নুহাশপল্লীর মতোই। শান্তিনিকেতনের মতোই হতে হবে, এমন নয়।হুমায়ূন আহমেদকে নিয়ে চট্টগ্রামে মামলা প্রসঙ্গে আহসান হাবীব বলেন, ‘আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। এটা একটা খারাপ সংস্কৃতি। এটা বাজে বিষয়। এটা হওয়া উচিত নয়।’নুহাশপল্লীর তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান জানান, আজ দুপুরে মা আয়েশা ফয়েজ ও তাঁর সন্তানেরা নুহাশপল্লীতে আসেন। পরে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত ও গাছের চারা রোপণ করেন। কিছুক্ষণ তিনি কবরের পাশে থেকে কোরআন শরিফ তিলাওয়াত করেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা কবরের ওপর মাটি ছড়াতে থাকেন। এই মাটি পিরোজপুরে সমাহিত বাবার কবরস্থান থেকে আনা হয়েছে বলে জানিয়েছেন আহসান হাবীব। কবর জিয়ারতের পর নুহাশপল্লীর প্রধান ফটকের পাশে মা ও শিশু ভাস্কর্যের পশ্চিমে গাছের চারা রোপণ করেন। বিকেল সোয়া তিনটার দিকে আবার কবর জিয়ারত শেষে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।