নুহাশপল্লীতে হুমায়ূনের সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনের কান্না কি স্পর্শ করে ইহলোক ছেড়ে চলে যাওয়া ব্যক্তিদের? নিশ্চিত করে কেউ তা বলতে পারে না। বাবা হুমায়ূন আহমেদের কবর ঘিরে রাখা বাঁশের বেড়া আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মেয়ে বিপাশা ও নোভা। পাশে ভাই নুহাশও অশ্রুসিক্ত। বাবা কি অন্য কোনো ভুবন থেকে দেখছিলেন তাঁর ছেলেমেয়েদের বুকভাঙা বেদনার প্রকাশ হয়ে ঝরে পড়া এই অশ্রুবিন্দু? গতকাল শুক্রবার বেলা দুইটায় নুহাশপল্লীতে আসেন হুমায়ূন আহমেদের তিন মেয়ে—নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও ছেলে নুহাশ হুমায়ূন। সঙ্গে ছিলেন নোভার স্বামী আরশাদ আলী, দুই মেয়ে আরিশা ও আনুভা, শীলার স্বামী অপু ও মেয়ে অনোরা এবং অন্য আত্মীয়স্বজন। আড়াইটার দিকে তাঁরা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তবে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তাঁরা কিছু বলেননি। কবর জিয়ারতের পর কিছু সময় থেকে বিকেল চারটায় তাঁরা নুহাশপল্লী থেকে ফিরে যান। ছুটির দিন সকাল থেকেই হুমায়ূন আহমেদের অনুরাগীরা গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে আসতে থাকেন প্রিয় লেখকের কবর জিয়ারতের জন্য। নুহাশপল্লীর চারপাশ ঘিরে থাকা শালবনের লালমাটির সরু পথটির দুই পাশ ভরে ওঠে নানা ধরনের গাড়িতে।নিজের মধ্যে হিমুর ছায়া দেখতে পান ঢাকার মোহাম্মদপুরের ব্যবসায়ী আনোয়ারুল হক। স্ত্রী সোনিয়া রহমান, বন্ধু খিলগাঁওয়ের বাসিন্দা প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ মোর্তজা ও তাঁর স্ত্রী রোমানা পারভীন তাঁদের ছেলেমেয়েদের নিয়ে একত্রে এসেছিলেন নুহাশপল্লীতে। কাজের চাপে ঢাকায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যেতে পারেননি। ছুটির দিনে নুহাশপল্লীতে ছুটে এসেছেন কালবিলম্ব না করে। এমন একজন পরিণত বয়সী মানুষও হিমু হয়ে উঠতে পারেন, ভাবতেই অবাক লাগে। আনোয়ারুলের মাথায় টুপি, চোখের পাতায় টলমল অশ্রু। পরনে হিমুর সেই বিখ্যাত হলুদ পাঞ্জাবি। হুমায়ূন আহমেদই পারেন এমন করে সাধারণ মানুষের মর্ম ছুঁয়ে যেতে। সকাল ১০টা নাগাদ নুহাশপল্লীতে গিয়ে দেখা গেল, লিচুবাগানের মাঝখানে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হুমায়ূনের সমাধি ফুলে ফুলে ঢেকে গেছে। পাশেই কংক্রিটে গোড়া বাঁধানো লিচুগাছের তলায় বসে এক প্রৌঢ় মৃদু স্বরে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। প্রাঙ্গণের ঘাসগুলো পিষ্ট হয়ে আছে দুই দিন আগের বহু মোটরযানের চাকার চাপে। কাদাপানিতে মাখামাখি। তার মধ্যে দিয়েই ছোট ছোট দলে নানা বয়সী শিশু, নরনারী আসছেন নিঃশব্দ পায়ে। তাঁদের অনেকেই এসেছিলেন সপরিবারে। ত্রিপলের শামিয়ানার নিচে সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত করছেন দুই হাত তুলে।এমনই একজন টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস মোড়ের মুজিবুর রহমান। তিনি হংকংভিত্তিক একটি সমুদ্রগামী জাহাজের চাকুরে। মাইক্রোবাস ভাড়া নিয়ে স্ত্রী, দুই কন্যা ও অন্য আত্মীয় মিলে এসেছেন হুমায়ূনের কবরে। তিনি বললেন, ‘আমাদের অনেক লম্বা সময় সমুদ্রে কাটাতে হয়। প্রতিবার ছুটি কাটিয়ে যাওয়ার সময় হুমায়ূন আহমেদের কিছু বই নিয়ে যাই। অবসরে তাঁর বই পড়ি। একঘেয়েমি কেটে যায়। বড় আফসোস, এভাবে তিনি চলে গেলেন! বাংলা সাহিত্যকে তিনি আরও এগিয়ে নিতে পারতেন।’বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগমও বেড়ে যায়। কবরে দোয়া-মোনাজাত করে সবাই নুহাশপল্লী ঘুরে দেখে ফিরে যাচ্ছিলেন। এটি হুমায়ূন আহমেদের একান্তই ব্যক্তিগত বাগানবাড়ি। শালবনের মধ্যে। আশপাশে কোনো দোকানপাট বা ঘরবাড়িও নেই। আগে সেভাবে কোনো দর্শনার্থী আসত না। গত মঙ্গলবার তাঁকে সমাহিত করার পর থেকেই রাতারাতি এটি বহু মানুষের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। আপাতত সবার জন্যই নুহাশপল্লীর দ্বার উন্মোচিত।রমজান মাস বলে পানাহারের তাগিদ নেই। তবে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। কালও দুপুর দেড়টায় এক পশলা হয়ে গেল। ‘বৃষ্টি বিলাস’ নামের বাড়িটির লম্বা খোলা বারান্দা এবং মাঠের মাঝখানে একটি চৌচালা টিনের ছাউনি ছাড়া বৃষ্টি থেকে গা বাঁচানোর আর কোনো জায়গা নেই। ফলে কেউ বিশেষ দেরি করছিলেন না। কবর জিয়ারত শেষে হুমায়ূনের স্বপ্নের নুহাশপল্লীটি ঘুরে ঘুরে দেখেন। চত্বরে স্থাপন করা বিভিন্ন ভাস্কর্য, ঔষধি বাগান, দিঘি লীলাবতী, বৃষ্টি বিলাস, ভূত বিলাসসহ বিভিন্ন স্থাপনা দেখে ফিরতি পথ ধরছিলেন। আসা-যাওয়া চলছিল ইফতারের আগ পর্যন্ত।নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, কবর দেওয়া থেকে ৪০ দিন পর্যন্ত নুহাশপল্লী সবার জন্য খোলা থাকবে, যেন হুমায়ূন আহমেদের অনুরাগীরা এসে তাঁর কবর জিয়ারত করতে পারেন। এরপর পারিবারিকভাবে হয়তো অন্য কোনো সিদ্ধান্ত হতে পারে।আজ নাগরিক শোকসভা: কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ বেলা তিনটায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে হুমায়ূন আহমেদের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।