নুড়িপাথরের সঙ্গে মাটির চাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার জাফরাবাদ এলাকায় রাস্তা পাকার কাজে নুড়িপাথরের সঙ্গে মাটির চাক ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে স্থানীয় গ্রামবাসী মার্চের শেষ সপ্তাহে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই দিন কাজ বন্ধ রাখতে বাধ্য করে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে এই রাস্তাটি পাকা হচ্ছে বলে জানা গেছে। সওজ সূত্র জানায়, এটি চন্দনাইশ-পটিয়া-বৈলতলী সড়ক নামে পরিচিত। প্রায় দেড় কোটি টাকা খরচে ১৭ কিলোমিটার রাস্তা পাকার কাজ চলছে। চন্দনাইশের জাফরাবাদ এলাকায় দেড় কিলোমিটার রাস্তা পাকার কাজে ব্যবহূত নুড়িপাথরের মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় গ্রামবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠান থ্রি স্টার গ্রুপ এই অংশে কাজ করছে। আগামী ৩০ জুনের মধ্যে রাস্তাটি পাকা করার বাধ্যবাধকতা আছে বলে জানা গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ১৪ অক্টোবর কার্যাদেশ পায়। জাফরাবাদের বাসিন্দা মোহাম্মদ জামাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের এলাকার রাস্তা পাকার কাজে নুড়িপাথরের বদলে মাটির চাক ব্যবহূত হলে গ্রামবাসী দুই দিনের জন্য কাজ বন্ধ করে দেয়। নুড়িপাথরের বদলে মাটির চাক ব্যবহূত হওয়ায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। তাই আমরা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সওজের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছি।’ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নুড়িপাথর ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে, যাতে কাজের গুণগত মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। তবে চন্দনাইশ-পটিয়া-বৈলতলী সড়ক পাকার কাজে ব্যবহার করা নুড়িপাথর স্থানীয়ভাবে সংগ্রহ করা হচ্ছে। এর গুণগত মান অনেক ভালো বলে আমরা জানি। এই পাথরের মধ্যে দু-তিন শতাংশ মরা পাথর থাকতে পারে।’ সওজ সূত্র জানায়, বান্দরবানের লামার গহিন পাহাড় থেকে নুড়িপাথর সংগ্রহ করা হচ্ছে। এক একটি পাথরের ওজন তিন-চার টন হতে পারে। বিশালাকৃতির এই পাথর ভেঙে নুড়িপাথরে পরিণত করা হয়, যা চট্টগ্রামের বিভিন্ন রাস্তা ও ভবনে ব্যবহূত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান থ্রি স্টার গ্রুপের মালিক মাহবুবুল হক কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আসলে এক ট্রাক পাথর দুর্বল মানের ছিল। স্থানীয় গ্রামবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা তা সরিয়ে নুড়িপাথর ব্যবহার করছি। এখন যেসব নুড়িপাথর ও অন্যান্য সামগ্রী ব্যবহূত হচ্ছে, তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।’ স্থানীয় বাসিন্দা শাহতাব হোসেন বলেন, ‘গ্রামবাসীর প্রতিরোধের মুখে নুড়িপাথরের ব্যবহারের হার বেড়েছে। তবে এখনো নুড়িপাথরের সঙ্গে প্রচুর মাটির চাক দেখা যাচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহূত হওয়ার কারণে বর্ষার পরই এই রাস্তা ভেঙে যাবে বলে আমরা আশঙ্কা করছি।’