নূতনচন্দ্র হত্যার বিচার চায় পরিবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূতনচন্দ্র সিংহের পরিবার। মুক্তিযুদ্ধ চলাকালে নূতনচন্দ্রকে হত্যা করা হয়। তাঁর পরিবার এই হত্যার সুষ্ঠু বিচার চেয়েছে।সাকা চৌধুরীর গ্রেপ্তারে সন্তোষ জানিয়ে শহীদ নূতনচন্দ্র সিংহের ছেলে প্রফুল্লরঞ্জন সিংহ গতকাল বৃহস্পতিবার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘বাবার হত্যাকারীকে গ্রেপ্তার করায় আমরা আনন্দিত। এখন আমরা সুষ্ঠু বিচার প্রত্যাশা করি। সুষ্ঠু বিচার হলে আমার বাবার আত্মা শান্তি পাবে।’নূতনচন্দ্র সিংহকে একাত্তরের ১৩ এপ্রিল হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে সাকা চৌধুরী জড়িত ছিলেন বলে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের কাছে সাক্ষ্য দিয়েছেন প্রফুল্লসহ সেদিনের প্রত্যক্ষদর্শীরা। কুণ্ডেশ্বরীসহ রাউজানের বিভিন্ন এলাকায় সংঘটিত গণহত্যার তদন্ত করতে গত ২৩ সেপ্টেম্বর সেখানে যায় তদন্ত দল।প্রফুল্লরঞ্জন সিংহ বলেন, ‘তদন্ত দল রাউজান ঘুরে গিয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পেয়েছে। তাঁকে আগে অনেকবার গ্রেপ্তার করা হলেও এই প্রথম তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। এটা আমাদের জন্য আনন্দের খবর।’ তিনি একাত্তর সালের ১৩ এপ্রিল রাউজানের জগৎমল্লপাড়া ও ঊনসত্তর পাড়ায় শতাধিক সংখ্যালঘু ব্যক্তির হত্যাকাণ্ডেরও বিচার দাবি করেন।তদন্ত দলকে যা বলেছেন প্রফুল্ল: ২৩ সেপ্টেম্বর তদন্ত দলের কাছে প্রফুল্ল বলেছিলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের বাড়িতে নিয়ে আসেন এবং নূতনচন্দ্র সিংহকে বাড়ির মন্দির থেকে বের করে এনে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকলেও পরে এসে স্বজনদের কাছে ওই হত্যার ঘটনা শুনেছেন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনও তদন্ত দলের কাছে সাক্ষ্য দেন।প্রফুল্ল বলেন, ‘দুবার পাঞ্জাবিরা এসে বাবার সঙ্গে কথা বলে ফিরে যায়। তৃতীয় দফায় সালাউদ্দিন কাদের তাদের নিয়ে আসেন। তখন সালাউদ্দিন বলেন, “আমার বাবার নির্দেশ রয়েছে নূতনচন্দ্রকে হত্যা করার জন্য।” এরপর ব্রাশফায়ার করে হত্যা করা হয়।’ প্রফুল্ল জানান, বাবার হত্যার বিবরণ তিনি গহিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমানত খাঁ চৌধুরীর কাছে শুনেছেন। তবে আমানত খাঁ বেঁচে নেই।তদন্ত শেষে তদন্ত দলের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছিলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভোরে ঢাকায় সাকা চৌধুরী গ্রেপ্তার হন।জানা গেছে, নূতনচন্দ্রকে হত্যার অভিযোগে সালাউদ্দিন কাদের ও তাঁর বাবা ফজলুল কাদেরকে আসামি করে প্রফুল্লের বড় ভাই সত্যরঞ্জন সিংহ ১৯৭২ সালে রাউজান থানায় হত্যা মামলা করেছিলেন।একাত্তরে নির্যাতিত সাংবাদিক নিজাম উদ্দীন যা বললেন: বার্তা সংস্থা রয়টার্সের ঢাকা কার্যালয়ে বর্তমানে কর্মরত সাংবাদিক নিজাম উদ্দীন আহমেদকে মুক্তিযুদ্ধের সময় শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে সাকা চৌধুরীর বিরুদ্ধে। সাকা চৌধুরীর গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সাকা চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত অপরাধীদের অন্যতম। তাঁর গ্রেপ্তারের মধ্য দিয়ে জনগণের মধ্যে এই আস্থা ফিরে এসেছে যে, এই সরকার আসলেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারে আগ্রহী।’ তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ডাকলে তিনি তাঁদের কাছে একাত্তরে সাকা চৌধুরীর আরও অপকর্মের বর্ণনা দিতে যাবেন।অভিযোগ রয়েছে, ১৯৭১ সালের ৫ জুলাই নিজাম উদ্দীনকে ধরে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম নগরের গুডস হিলে সাকা চৌধুরীর বাবা প্রয়াত ফজলুল কাদের চৌধুরীর বাড়িতে (বর্তমানে বাস করেন সাকা চৌধুরী)। ওই বাড়িতে নেওয়ার পর প্রথমে ফজলুল কাদের চৌধুরী তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে সাকা চৌধুরী ও অন্যরা সেখানে তাঁর ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালান। টানা ২৪ ঘণ্টা নির্যাতন শেষে তাঁরা নিজামকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনী তাঁকে সাত দিন সেনানিবাসে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরে ১৩ জুলাই রাতে তাঁকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তিনি কারাগারে আটক ছিলেন।মিষ্টি বিতরণ: সাকা চৌধুরীকে গ্রেপ্তারের পর মহানগর ও রাউজান উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। শহীদ মিনারে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসা লোকজনও তাঁর গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির কার্যালয়, গুডস হিলে সাকা চৌধুরীর বাসভবনের আশপাশ ও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।আমাদের রাউজান প্রতিনিধি জানান, উপজেলায় ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করলেও স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।