বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী গৌরাঙ্গ সিংহ (৭৩) জবানবন্দিতে বলেছেন, ব্রজহরি কর্মকার তাঁকে জানিয়েছেন তাঁর কাকা নূতনচন্দ্র সিংহকে পাঞ্জাবি সেনারা ব্রাশফায়ার করার দু-এক মিনিটের মধ্যে সাকা চৌধুরী তাঁকে দু-তিনটি গুলি করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার গৌরাঙ্গ সিংহ জবানবন্দি দেন। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী উপস্থিত ছিলেন। জবানবন্দিতে গৌরাঙ্গ বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান থানার মধ্য গহিরা গ্রামের কুণ্ডেশ্বরীতে। তিনি বাবা দ্বারিকা মোহন সিংহ, কাকা নীলাম্বর সিংহ ও নূতনচন্দ্র সিংহের সঙ্গে একান্নবর্তী পরিবারে বাস করতেন। একাত্তরে তিনি নূতনচন্দ্র সিংহের সঙ্গে থেকে সাংসারিক কাজ দেখাশোনা করতেন। নূতনচন্দ্র সিংহের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের কারখানা, প্রাথমিক স্কুল, মহিলা স্কুল ও কলেজ, হোস্টেল, কৃষিকাজ প্রভৃতি ছিল। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজ করতেন।সাক্ষী জবানবন্দিতে আরও বলেন, একাত্তরের ৩০ চৈত্র (ইংরেজি তারিখ মনে নেই) তিনি, হিমাংশু বৈদ্য, ব্রজহরি, গোপাল দাস ও নূতনচন্দ্র সিংহ বাড়িতে ছিলেন। ওই দিন নিরাপত্তার জন্য নূতনচন্দ্রকে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হলেও তিনি যেতে চাননি। সেদিন সকাল নয়টার দিকে সেনাবাহিনীর গাড়ি তাঁদের বাড়িতে ঢোকে। ওই গাড়ি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী, কয়েকজন দেশীয় লোক ও পাঞ্জাবি সেনা নামে। এ সময় তিনি, হিমাংশু, মনোরঞ্জন সিংহ বাড়ির দক্ষিণ পাশের জঙ্গলের দিকে পালিয়ে যান। ব্রজহরি ও গোপাল বাড়ির দোতলায় ওঠেন। সালাউদ্দিন কাদের চৌধুরী, দেশীয় লোকজন ও পাঞ্জাবিরা তাঁর কাকার (নূতনচন্দ্র) সঙ্গে কথা বলে চলে যায়। জঙ্গলে লুকিয়ে থেকে গাড়ির শব্দে তিনি বুঝতে পারেন তারা চলে গেছে। ১০-১৫ মিনিট পর আবার গাড়ির শব্দে বুঝতে পারেন, তারা আবার এসেছে। তখন বোধ হয় স্টেনগানের শব্দ শুনেছেন, দু-এক মিনিটের মধ্যে আবার দু-তিনটি গুলির শব্দ শোনেন। জঙ্গলে থাকা নিরাপদ হবে না ভেবে তিনি আরও দক্ষিণ দিকে চলে যান।গৌরাঙ্গ বলেন, পরে তিনি বাড়ির পূর্ব পাশে একটি মুসলমান বাড়িতে যান। সেখানে তাঁদের বিশ্বস্ত আহম্মেদ বশরকে কাকার খবর নিতে পাঠান। বশর ফিরে এসে জানান, কাকা রক্তাক্ত অবস্থায় মন্দিরের সামনে পড়ে আছেন। এ খবর শুনে তাঁরা গিয়ে মন্দির থেকে একটি ত্রিপল এনে নূতনচন্দ্রের মরদেহ ঢেকে দিয়ে সেখান থেকে চলে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হিমাংশু, মনোরঞ্জন, ভাস্কর বড়ুয়া ও বশর। তিনি দেখেন, নূতনচন্দ্রের মুখ ও বুকের বাঁ-পাশে গুলি লেগেছে। পরে তিনি শ্বশুরবাড়ি বিনাজুড়ি ও পরদিন রামগড় হয়ে ভারতে চলে যান। চূড়ান্ত বিজয়ের আট-দশ দিন পর তিনি বাড়ি ফেরেন, তাঁর সঙ্গে সত্যরঞ্জন সিংহ ও প্রফুল্ল সিংহ (নূতনচন্দ্রের দুই ছেলে) দেশে ফেরেন।সাক্ষী জবানবন্দিতে বলেন, দেশে ফেরার এক দিন পর ব্রজহরি তাঁর কাছে আসেন। ব্রজহরির কাছে তিনি শোনেন, ঘটনার দিন তিনি (ব্রজহরি) ও গোপাল দোতলা থেকে দেখেন, সাকা চৌধুরী পাঞ্জাবি সেনা ও কয়েকজন বাঙালিসহ বাড়িতে ঢুকে নূতনচন্দ্র সিংহের সঙ্গে কথা বলে চলে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে মন্দির থেকে নূতনচন্দ্রকে টেনেহিঁচড়ে মন্দিরের সামনে নিয়ে আসে এবং পাঞ্জাবিরা ব্রাশফায়ার করে। এর দু-এক মিনিটের মধ্যে সাকা চৌধুরী তাঁকে গুলি করেন। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। তিনি ব্রজহরির কাছে আরও জানতে পারেন, নূতনচন্দ্রের মরদেহ দু-তিন দিন সেখানে পড়ে ছিল। এলাকার চেয়ারম্যান আমানত খাঁ সেখানে গিয়ে মরদেহ দেখতে পেয়ে বড়ুয়াপাড়া ও অন্যান্য স্থান থেকে কয়েকজন লোক ডেকে আনেন এবং নিজে উপস্থিত থেকে সৎকার করেন।গৌরাঙ্গ সিংহ আরও বলেন, দেশে ফেরার পর সত্যরঞ্জন তাঁর বাবার হত্যার বিচারের জন্য রাউজান থানায় একটি মামলা করেন। ওই মামলার কী হয়েছে তা তিনি জানেন না। জবানবন্দিতে তিনি যাঁদের নাম বলেছেন, তাঁদের মধ্যে তিনি ও প্রফুল্ল ছাড়া আর কেউ জীবিত নেই।জবানবন্দি শেষে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক সাক্ষীকে একটি প্রশ্ন করে জেরা শুরু করেন। পরে তাঁর আরজির পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী জেরার জন্য ৬ জুন দিন ধার্য করেন।