নূপুরের নিক্বণে মুখরিত শিল্পকলা প্রাঙ্গণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের মন্থর বিকেলে নূপুরের নিক্বণ আর তবলার বোলে শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ ছিল মুখরিত। বর্ণিল পোশাক পরে শিল্পীদের শেষ মুহূর্তের অনুশীলন, আয়োজকদের ছুটোছুটি—সবকিছুতেই ছিল প্রাণের তাগিদ। নৃত্য প্রসারে আছে নানা প্রতিবন্ধকতা। তার ওপর গতকাল সারা দিন হরতাল। সবকিছু পাশ কাটিয়ে আয়োজিত হলো জাতীয় নৃত্য উৎসব। সারা দেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে বছরে এই একটিই নৃত্যের বড় আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত সাত দিনের নৃত্য উৎসবের উদ্বোধন হলো গতকাল শিল্পকলা একাডেমীর নাট্যশালায়। উৎসবের স্লোগান, ‘নৃত্যের তালে তালে বিশ্ব আজ একসাথে’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উৎসবের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বক্তব্য দেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ লায়লা হক, রাহিজা খানম, নৃত্যশিল্পী লায়লা হাসান, গোলাম মোস্তফা খান, সাজু আহমেদ প্রমুখ। তাঁদের বক্তব্যে মূলত নৃত্যশিল্পের প্রসারের সীমাবদ্ধতার চিত্র ফুটে ওঠে। তাঁরা নৃত্যের উপযোগী মিলনায়তন নির্মাণসহ নৃত্যে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানান।উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যে বিশেষ অবদানের জন্য বগুড়ার আবদুস সামাদকে ‘নৃত্যগুরু গওহর জামিল স্মৃতিপদক’ এবং রংপুরের আজিজুল ইসলামকে ‘নৃত্যগুরু জি এ মান্নান স্মৃতিপদক’ প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বিভিন্ন নৃত্যসংগঠনের নৃত্য পরিবেশনা। শুরুতেই ছিল সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য ও প্রতিবন্ধী শিশুদের বিশেষ নৃত্য। প্রতিবন্ধী খুদে শিল্পীদের উপস্থাপনা আনন্দ দিয়েছে উপস্থিত দর্শকদের। এরপর চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশন করে সিলেটের নৃত্যসংগঠন নৃত্যশৈলী। ঢাকা নন্দন কলাকেন্দ্র পরিবেশন করে মহুয়া। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই গতকাল একাডেমীর চারুকলা প্লাজায় ‘নৃত্যমেলা’র উদ্বোধন করেন লিয়াকত আলী। মেলা ২৯ এপ্রিল পর্যন্ত সবার জন্য খোলা থাকবে রাত আটটা পর্যন্ত।মুক্তিযুদ্ধের নাটক ‘মুখোমুখি’ মঞ্চস্থরাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত রোববার রাতে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মুখোমুখি মঞ্চস্থ হয়েছে। নাটক প্রদর্শনীর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পকলার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী এবং নাটকের নির্দেশক ফকীর জাহিদুল ইসলাম। নাটকটি রচনা করেছেন মাহমুদুল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে দেশের ৬৪টি জেলার ৬৪টি কলেজে একটি করে নাটক মঞ্চস্থ করার পরিকল্পনার অংশ হিসেবে এই নাটক মঞ্চস্থ করা হয়।চারণকবি মোসলেম উদ্দীনের জন্মবার্ষিকীতে নানা আয়োজননড়াইল প্রতিনিধি জানান, আজ মঙ্গলবার চারণকবি মোসলেম উদ্দীনের ১০৯তম জন্মবার্ষিকী। দিবসটি উদ্যাপনে ‘জন্মজয়ন্তী উদ্যাপন পর্ষদ’ শিল্পকলা একাডেমী চত্বরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে: সকালে শোভাযাত্রা, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শিশুদের চিত্রাঙ্কন, মোসলেম গীতি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জারিগান।প্রসঙ্গত, মোসলেম উদ্দীন ১৯০৪ সালে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ১৯ আগস্ট তিনি মারা যান। চিত্রার পারে বেড়ে ওঠা এই চারণকবি ধর্মীয় গান, ভাটিয়ালি, মুর্শিদি, দেহতত্ত্ব, ভজন, বিচ্ছেদি, হামদ-নাত, ব্যঙ্গগীতি, উপদেশমূলক, দেশাত্মবোধক, সারি, কীর্তন, হালুই, অষ্টক, জারি, যাত্রাপালাসহ এক হাজারেরও বেশি গান রচনা করেন।