রাজধানীর আগারগাঁওয়ের মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ হাজি ওরফে নূর হাজি (৭৫) গত বুধবার রাতে সাভারের বাসা থেকে নিখোঁজ হয়েছেন। তিনি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে।পরিবারের দাবি, বুধবার মধ্যরাতে সাদা পোশাকধারী একদল লোক তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাভার থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়েছে, ‘প্রশাসনের লোক তাঁকে ধরে নিয়ে গেছে।’জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, নূর হাজিকে আটকের কোনো তথ্য র্যাবের কাছে নেই। র্যাবের কোনো দলও এ ধরনের অভিযান করেনি।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশও সেখানে কোনো অভিযান করেনি। তবে নূর হাজি নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁরা সাধারণ ডায়েরি করেছেন, তার তদন্ত চলছে।সাভার থানার পুলিশ জানায়, নূর হাজি নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর মেয়ে স্বপ্না সাভার থানায় একটি জিডি করেছেন। এতে তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত একটার দিকে ২০-২৫ জন নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমার পিতার কাতলাপুর পালপাড়ার বাড়িতে ঢুকে পড়ে। তারা বাড়ির দুটি ফটক ভেঙে ভেতরে ঢুকে পিতাকে তুলে নিয়ে যায়। এ সময় বাড়ির সামনে দুটি জিপ রাখা ছিল।’নূর হাজির পুত্রবধূ মাকসুদা বেগম প্রথম আলোকে বলেন, এর আগে তাঁর শ্বশুর পশ্চিম আগারগাঁও এলাকায় থাকতেন। সেখানে একটি ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি সাভারের বাড়িতে ওঠেন। বুধবার রাতে সেই বাড়ি থেকে প্রশাসনের লোকজন তাঁকে তুলে নিয়ে যায়।ওই বাড়ির ভাড়াটে নূরুন্নাহার বেগম জানান, রাত একটার দিকে বাড়ির সীমানা দেয়াল টপকে একদল লোক ভেতরে ঢোকে। তাঁরা বাড়ির সব তলার তালা ভেঙে দোতলা থেকে নূর হাজিকে ধরে নিয়ে যান।নূর হাজির জামাতা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, যারা ধরে নিয়ে গেছে, তাদের পরনে র্যাব বা পুলিশের কোনো পোশাক ছিল না। তবে বাসার বাইরে ছয়টি গাড়ির মধ্যে দুটিতে ‘র্যাব’ লেখা ছিল বলে প্রতিবেশীরা তাঁকে জানিয়েছেন।‘র্যাব’ লেখা গাড়ির ব্যাপারে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, ‘তাঁরা কী দেখতে কী দেখেছেন, তা তাঁরাই ভালো জানেন।’ তিনি বলেন, সাংবাদিকদের কাছ থেকে শোনার পর স্থানীয় র্যাবের কোম্পানি কমান্ডারকে বিষয়টি খোঁজ নিতে বলা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গত জানুয়ারি মাসে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খুন হন। ওই হত্যাকাণ্ডে নূর হাজির সম্পৃক্ততা ছিল। এ ঘটনার এক সপ্তাহ আগে তিনি গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে বসেই তিনি ফজলুল হককে হত্যার পরিকল্পনা করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এসব কথা জানান। পরে পুলিশ অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছাড়া পান।সূত্র জানায়, ডিবি পুলিশের নথিতে তাঁর বিরুদ্ধে আগারগাঁও এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। একসময় তিনি ও তাঁর ছেলেরা আগারগাঁও এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। তাঁর এক ছেলের বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে।পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দারা জানান, জেল থেকে বের হওয়ার পর নূর হাজি একটি মেয়েকে বিয়ে করে সাভারে বসবাস শুরু করছিলেন।