নূর হোসেনকে কে মেরেছে, তা জানি না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বেড়েছে। তাই ১৯৭১-এর মতো আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলেও দেশ এখনো সন্ত্রাসমুক্ত হয়নি।এরশাদ বলেন, ‘নূর হোসেনকে কারা বা কে মেরেছে, তা আমরা জানি না। আমি মানুষ মারা রাজনীতি করি না। আমি কাউকে মেরে ক্ষমতায় আসতে চাই না। আমি কারও ক্ষতি করি নাই, তাই নির্ভয়ে একাই রাস্তায় চলাফেরা করি। দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। তাদের বিচার হোক, এটা আমরাও চাই।’আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীতে আমজাদ আলী সরকার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী মুক্তিযোদ্ধা মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাম হাবিব, হান্নান চৌধুরী, বাহাউদ্দিন আহাম্মেদ, নাসির উদ্দিন ও কাজী আফতাব উদ্দিন প্রমুখ।মুক্তিযোদ্ধাদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আমি অতীতেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ছিলাম, এখনো আছি। তাই চলুন, আমরা আরেকবার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করি। জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান নয়। জয় বাংলা মুক্তিযোদ্ধাদের স্লোগান। তাই জয় বাংলা বলতে আমার কোনো সমস্যা নেই। আমরা মুক্তিযোদ্ধাদের চেতনায় বিশ্বাসী।’