নূরি আল মালিকি আবারও ইরাকের প্রধানমন্ত্রী
আগের সমঝোতা অনুযায়ী ইরাকের পার্লামেন্ট কুর্দি নেতা জালাল তালাবানিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করেছে। দায়িত্ব গ্রহণ করে প্রেসিডেন্ট শিয়া নেতা নূরি আল মালিকিকে দ্বিতীয় দফায় ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।গত মার্চে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু রাজনৈতিক মতানৈক্যের কারণে এত দিন ধরে ইরাকে কোনো সরকার গঠন করা সম্ভব হয়নি। দীর্ঘ দরকষাকষির পর গত বুধবার রাতে দেশটির রাজনৈতিক নেতারা একটি ঐকমত্যের সরকার গঠনের ব্যাপারে সম্মত হন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার প্রথমেই ইরাকের পার্লামেন্ট সদস্যরা গোপন ভোটের মাধ্যম আল ইরাকিয়া দলের সদস্য ওসামা নুজাইফাকে স্পিকার নির্বাচিত করেন। এরপর সাংসদেরা জালাল তালাবানিকে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত করতে ভোট দেন। তবে এ ভোটাভুটির আগে সুন্নিদের প্রধান জোট ও সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির দল আল ইরাকিয়া পার্লামেন্ট বর্জন করে।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে জালাল তালাবানি সুন্নি নেতা নূরি আল মালিকিকে দ্বিতীয় দফায় ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী নূরি আল মালিকি তাঁর মন্ত্রিসভা গঠনে এক মাস সময় পাবেন।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকের পার্লামেন্টের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিবিসি।