নূরুন্নাহারের পথচলা
স্বামীর সংসারে অভাবে দিন কাটছিল তাঁর। আয়ের আর কোনো উৎস না থাকায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিল। কিন্তু নূরুন্নাহার থেমে থাকেননি। অদম্য ইচ্ছা আর পরিশ্রমের ফলে কৃষিতে তিনি অর্জন করেন অসামান্য সাফল্য। হয়ে ওঠেন সফল কৃষি উদ্যোক্তা। তাঁর অভাবের সংসার এখন সুখের স্বর্গ। সংসারকে সুন্দর করে গোছানোর পর কৃষি উদ্যোক্তা হিসেবে নূরুন্নাহারের প্রচেষ্টায় গড়ে উঠেছে আদর্শ কৃষি খামার। নূরুন্নাহার এখন বাংলাদেশের একজন আদর্শ কৃষক। সম্প্রতি তিনি সিটি ব্যাংকের ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে নূরুন্নাহারের বাড়ি। ১৯৯০ সাল থেকে নূরুন্নাহার কৃষিকাজে জড়িয়ে পড়েন। সে সময় সংসারে আয়ের একমাত্র উৎস ছিল তাঁর স্বামী রবি বিশ্বাস। কিন্তু স্বামীর স্বল্প আয়ে তাঁর সংসার চলছিল না। এ সময় তিনি নিজেই কৃষিকাজ শুরু করেন। তাঁর এক টুকরো জমি ছিল না। প্রথম বছর ১০ কাঠা জমি ইজারা নিয়ে মাঠে বেগুন লাগান নূরুন্নাহার। নিজের হাতে কাস্তে-কোদাল নিয়ে আবাদে যত্ন নেন। এর পর থেকে বাড়ির আঙিনা ও এলাকায় শুরু হয় জমি ইজারা নেওয়ার কাজ। ইজারা নিয়ে নূরুন্নাহার নিজেই আবাদ করেন ওই সব জমিতে। এখন নিজে জমি কিনেছেন এক একর ২৬ শতাংশ। নূরুন্নাহার তৈরি করেছেন নিজস্ব বাড়ি। সাজিয়েছেন নিজের মতো করে ঘরের আসবাব। নূরুন্নাহার নিজেই জমিতে চাষ করেন, সংসারে স্বামী, সন্তানদের দেখাশোনার কাজ করেন, আবার সামাজিক অনুষ্ঠানেও তাঁকে থাকতে হয়। তাঁর নিজের বাড়িতেই তৈরি করেছেন একটি কৃষি খামার। এই কৃষি খামারে তিনি নিজের এলাকার প্রতিবন্ধী, বেকার, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত ও অসহায় নারীদের শ্রমিক হিসেবে কাজ দিয়েছেন। খামারে এ ধরনের নারীশ্রমিকের সংখ্যা ২৫। এ ছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অনেক নারী কৃষক ছুটে আসেন তাঁর কাছে কৃষি আবাদের পরামর্শ এবং হাতে-কলমে প্রশিক্ষণ নিতে। নূরুন্নাহার জানান, তিনি ইতিমধ্যে শতাধিক নারী কৃষককে তাঁর নিজস্ব ব্যবস্থাপনায় কৃষির ওপর প্রশিক্ষণ দিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই আজ প্রতিষ্ঠিত নারী কৃষক। নূরুন্নাহারের প্রচেষ্টায় তাঁর কৃষি খামারের পাশাপাশি বাড়ির আঙিনায় গরু ও মুরগির খামার করা হয়েছে। এ খামারে বর্তমানে ২০টি গরু এবং ৩০টি মুরগি রয়েছে। নিজের সন্তানদের দেখাশোনার পাশাপাশি গরু ও মুরগির খামারও নূরুন্নাহারকে দেখতে হয়। স্বামী রবি বিশ্বাস তাঁকে সহযোগিতা করেন। ব্যক্তিগত জীবনে নূরুন্নাহার চার সন্তানের মা।কৃষি চাষে নূরুন্নাহারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তাঁর খামারে তিনি এ পর্যন্ত কোনো কীটনাশক প্রয়োগ করেননি। কোনো ধরনের কীটনাশক না দিয়েই তিনি নিজের চেষ্টায় কৃষিপণ্য উৎপাদনে ঈশ্বরদী তথা সারা বাংলাদেশে একজন মডেল নারী কৃষি উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সম্প্র্রতি ঢাকায় তাঁকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পেয়ে ঈশ্বরদীতে এলে ঈশ্বরদীর কৃষকেরা তাঁকে সংবর্ধনা দেন। নূরুন্নাহার জানান, কৃষিকাজ করতে গিয়ে প্রথমেই অনেক হোঁচট খেতে হয়েছে। এলাকার অনেক পুরুষ, এমনকি নারীরাও তাঁকে নেতিবাচক নানা ধরনের কথাবার্তা বলতেন। এখন নূরুন্নাহারের লক্ষ্য, দেশের সেরা কৃষি উদ্যোক্তা হওয়া।