দশ ট্রাক অস্ত্র আটক মামলায় পলাতক দুই আসামি তত্কালীন ভারপ্রাপ্ত শিল্পসচিব মোহাম্মদ নূরুল আমিন এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের মালামাল ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।আজ বুধবার চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর ভারপ্রাপ্ত বিচারক গোলাম সরোয়ার আসামিদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।আদালত আগামী ১ আগস্ট আসামিদের উপস্থিতি এবং আজকের দেওয়া আদেশ তামিলের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত রোববার বিকেলে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় দুটি পৃথক সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে বিগত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১১ জনকে নতুন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাঁটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। একটি অস্ত্র আইনে, অন্যটি চোরাচালান আইনের মামলা।আদালত সূত্র জানায়, গত সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম পরেশ চন্দ্র শর্ম্মা সম্পূরক অভিযোগপত্র মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এ পাঠিয়ে দেন। কারণ, বিশেষ ক্ষমতা আইনে করা মামলা আমলে নেওয়ার এখতিয়ার কেবল বিশেষ ট্রাইব্যুনালের আছে।