তাহের মামলা: শওকত আলীর বক্তব্য উপস্থাপন
নূরুল ইসলাম শিশুকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের গোপন বিচারের সময় সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল (অব.) নূরুল ইসলাম শিশুকে ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে নির্ধারিত দিনে শিশুর হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদসচিব, পররাষ্ট্রসচিব, প্রতিরক্ষা সচিব ও পিরোজপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।সামরিক আদালতে তাহেরের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের পর ১২ জানুয়ারি হাইকোর্ট নূরুল ইসলামসহ ওই আদালতের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত সামরিক কর্মকর্তাদের অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। এদিকে এর আগে দেওয়া আদালতের আদেশে ১৯৭৬ সালে কর্নেল তাহেরের গোপন বিচার চলাকালে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বপালনকারী এম এম শওকত আলী আজ আদালতে হাজির হয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। ওই সামরিক আদালতের সদস্য মো. আবদুল আলী ১৩ জানুয়ারি হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে দাবি করেন, অনিচ্ছায় ও ঢাকার তত্কালীন জেলা প্রশাসকের নির্দেশে তিনি কর্নেল তাহেরের বিচারে গঠিত আদালতে যোগ দিয়েছিলেন।আবদুল আলীর এই বক্তব্যের পর ঢাকার তত্কালীন জেলা প্রশাসক শওকত আলীকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।এর আগে আদালতে কর্নেল তাহের হত্যা মামলার গোপন বিচার আদালতের বিচারক আবদুল আলীর অভিযোগ অস্বীকার করে শওকত আলী আদালতকে বলেন, ‘তাঁকে সামরিক আদালতে নেওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল না। ওই সময় আইন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়েছিল।’ তিনি বলেন, কর্নেল তাহের ওই সময় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। তাই তাঁকে সাধারণ আদালতে বিচার করলে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হতো। সামরিক শাসনকে ‘অ্যাবনরমাল’ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সেনা কর্মকর্তারা সাধারণত বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কোনো কাজে পরামর্শ করেন না।ওই বিচারের সময় সেনাবাহিনীতে দায়িত্বপালনকারী করপোরাল শামসুল হকও আজ আদালতে হাজির হয়ে বক্তব্য দেন। তাহেরের সঙ্গে ওই মামলায় তাঁর সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড।১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থান চলে। এরই একপর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং সামরিক আদালতে গোপন বিচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরসহ ১৭ জনকে সাজা দেওয়া হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই ওই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুত্ফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাঁদের আবেদনের পর সেই গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একই সঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বাসস।