নৃত্য প্রতিযোগিতার বিচারক রাজ্জাক, ফেরদৌস ও পূর্ণিমা
নৃত্যের বিভিন্ন শাখায় পারদর্শীদের মধ্য থেকে সেরা নৃত্যশিল্পী বাছাইয়ে চ্যানেল আইয়ে শুরু হতে যাচ্ছে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’। ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা এখানে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতাটির বিচারক হতে যাচ্ছেন ফেরদৌস ও পূর্ণিমা। এ ছাড়া বিশেষ পর্বে বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা রাজ্জাক।‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ উপলক্ষে আজ ২৩ জানুয়ারি সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক (বিপণন) ইবনে হাসান খান, রুমানা রশীদ ঈশিতাসহ তিন বিচারক রাজ্জাক, ফেরদৌস ও পূর্ণিমা।সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই গান, আবৃত্তিসহ অনেক শাখায় বেশ কিছু কাজ করেছে। বাদ ছিল নৃত্য। এবার তা-ও করা হচ্ছে। চ্যানেল আই অন্য অনুষ্ঠানগুলো যেমন আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করে এই প্রতিযোগিতাটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’সংবাদ সম্মেলনে বক্তারা প্রতিযোগিতাটি সম্পর্কে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।প্রতিযোগিতার দুই বিচারক ফেরদৌস ও পূর্ণিমা বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন কয়েকজন নৃত্যশিল্পী উপহার দিতে পরব।’ চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ সব মিলিয়ে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হবে বলেও মনে করছি।’নৃত্যে আগ্রহীরা ব্যক্তিগত পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আগ্রহীরা সংবাদপত্র এবং প্রতিযোগিতার ওয়েবসাইট (www.csn2012dance.com) থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন।প্রাপ্ত আবেদন থেকে প্রাথমিক বাছাই শেষে নির্বাচিতদের সংবাদপত্র ও টেলিভিশন বিজ্ঞপ্তির মাধ্যমে অডিশন নেওয়ার তারিখ, সময় ও স্থান জানানো হবে।