নৃত্যশিল্পী ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা, দাবি ছাত্রলীগ নেতার
সাতক্ষীরায় আলোচিত নৃত্যশিল্পী ধর্ষণ চেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি শেখ জুয়েল হাসান নিজেকে নির্দোষ দাবি করেছেন। আজ সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।লিখিত বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করে শেখ জুয়েল হাসান বলেন, ‘গত ৪ জানুয়ারি ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগ নামধারী কিছু দুষ্কৃতকারী গোলযোগ করে। ওই অনুষ্ঠানকে ঘিরে দলীয়ভাবে অভ্যন্তরীণ কোন্দলের সূত্র ধরে আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহলের ইঙ্গিতে ওই চক্রটি জোর করে খুলনার নৃত্যশিল্পীকে দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায়।’ সংবাদ সম্মেলনে শেখ জুয়েল আরও বলেন, ‘গত ৩০ জানুয়ারি ওই নৃত্যশিল্পীর স্বামী খুলনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে ঘটনার সঙ্গে আমার জড়িত না থাকার বিষয়ে একটি অ্যাফিডেবিট করেছেন।’ ঘটনাটি সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতা এস এ রহমান, এস এম জিন্নাহ, জাহিদুল ইসলাম, আহসান সুরত ও মো. সুমন।আলোচিত ওই মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) রতন শেখ জানান, ওই মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক পলাশকে অভিযুক্ত করে সাতক্ষীরা আদালতে গত ৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়েছে