নৃত্যশিল্পীকে ধর্ষণ চেষ্টা মামলায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
কলেজছাত্রী এক নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টা মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা ওরফে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের পোস্ট অফিস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, পলাশকে আজ শুক্রবার আদালতের হাজির করা হবে।থানা হাজতে পলাশ প্রথম আলো অনলাইনকে জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। পরিকল্পিতভাবে তাঁকে জড়ানো হয়েছে। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে জানতে পেরে থানায় যাওয়ার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, জেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসানকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জুয়েল ও পালাশের বিরুদ্ধে গতকাল সাতক্ষীরা সদর থানায় মামলাটি করেন ওই কলেজছাত্রী। এ ঘটনাসহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ভিত্তিতে গতকাল তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বিলুপ্ত করা হয় তাঁদের নেতৃত্বাধীন জেলা কমিটি।সদর থানার ওসি ওই নৃত্যশিল্পীর দায়ের করা মামলার উদ্ধৃতি দিয়ে জানান, নৃত্যশিল্পী ও তাঁর স্বামী খুলনার একটি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গত বুধবার রাতে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর মঞ্চে তাঁরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে তাঁদেরকে খাওয়ানোর নাম করে ছাত্রলীগের সভাপতি জুয়েল শহরের মধ্য কটিয়ায় আরেক নেতা পলাশের ভাড়া করা বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর তাঁর স্বামীকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দেন এবং তাঁকে একটি ঘরে আটকে রাখেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই নৃত্যশিল্পীকে ধর্ষণের চেষ্টা করেন।