নৃত্যাঞ্চলের রবীন্দ্রনৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামী শনিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রবীন্দ্রনৃত্য উৎসব। শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর ও সোহরাওয়ার্দী উদ্যানে এ উৎসব অনুষ্ঠিত হবে। এর আয়োজক নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল।মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর ও সংগঠনের দুই পরিচালক শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর ‘রবীন্দ্র চেয়ার’-এর ভিজিটিং প্রফেসর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য করুণা সিন্ধু দাস। অনুষ্ঠানে নৃত্যকলাসম্পর্কিত বই রবীন্দ্র গীতিনাট্য ও নৃত্যকলার মোড়ক উন্মোচন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। রবীন্দ্রনাথের গীতিনাট্য, নৃত্যনাট্য ও নৃত্যকলা সম্পর্কে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ১০ জন বিশিষ্ট লেখকের প্রবন্ধ সংকলিত হয়েছে এ গ্রন্থে।উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে কবিগুরুর ভানুসিংহের পদাবলী অনুসরণে শেখ হাফিজুর রহমান রচিত নৃত্যনাট্য রাই-কৃষ্ণ পদাবলী। নৃত্যাঞ্চল প্রযোজিত এ নৃত্যনাট্য পরিচালনা করেছেন কলকাতার প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন কলকাতার রত্ন চৌধুরী। শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের নেতৃত্বে নৃত্যনাট্যে অংশ নেবেন ৮০ জন নৃত্যশিল্পী। আয়োজকেরা বলছেন, রাই-কৃষ্ণ পদাবলী রবীন্দ্রশৈলী ও কীর্তনের মিশ্রণে নির্মিত বিশিষ্ট আঙ্গিকের এক ‘গীতি-কোলাজ’।উৎসবের দ্বিতীয় দিন রোববার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সকাল থেকেই শুরু হবে কার্যক্রম। সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শিশুশিল্পীদের পরিবেশনার মাধ্যমে শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এ আয়োজনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নানা নৃত্য সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসংগীতের সুরের তালে নাচবেন। সোমবার সন্ধ্যায় উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।