নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপকের হাতে প্রভাষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক প্রভাষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন একই বিভাগের অপর এক অধ্যাপক। আজ বৃহস্পতিবার বিভাগের সাপ্তাহিক সভায় এ ঘটনা ঘটেছে।বিভাগ সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহারের সভাপতিত্বে আজ দুপুরে বিভাগের সভাকক্ষে শিক্ষকদের সাপ্তাহিক সভা শুরু হয়। সভায় স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস বণ্টনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার সময় জুনিয়র শিক্ষকদের ক্লাস না দেওয়ার প্রস্তাব দেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকেরা একই বিশ্ববিদ্যালয়ের হওয়ায় এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাচগত দূরত্ব খুব বেশি না থাকায় পরীক্ষাপত্র মূল্যায়নে প্রভাবিত হতে পারেন। এ সময় বিভাগের প্রভাষক ইব্রাহিম খালেদ বিষয়টির তীব্র প্রতিবাদ জানান। এতে অধ্যাপক শাহজালাল উত্তেজিত হয়ে একপর্যায়ে ইব্রাহিম খালেদকে চড় মারেন। অধ্যাপক মোহাম্মদ শাহজালাল জানান, লাঞ্ছিত করার বিষয়টিকে যেভাবে দেখা হচ্ছে, আসলে সে রকম কোনো ঘটনা ঘটেনি। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিভাগের প্রভাষক ইব্রাহিম খালেদ। বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার জানান, এ ব্যাপারে আলোচনা করে করণীয় বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, ইব্রাহিম খালেদ নৃবিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে এ বিভাগের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীরা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত।