নৃশংস, ভয়ংকর, বীভৎস (ভিডিও)
ছেলেধরা সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পুলিশের সামনেই নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গতকাল শনিবার নৃশংস এ ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায়।নিহত ওই নারীর নাম মর্জিনা আক্তার (৩৫)। তাঁর বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার তনুরাম গ্রামে। তিনি সিনাবাহ খন্দকার বাড়ি এলাকার বোন-সম্পর্কিত জোসনা আক্তারের বাসায় থাকতেন।
এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল মর্জিনা আক্তার সিনাবাহ এলাকার দিনমজুর জামাল হোসেনের ঘরে ঢুকে পড়েন। কিছু সময় পর তাঁর মেয়ে সিনাবাহ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ময়না আক্তার কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরে। এ সময়ে ওই নারীকে ঘরের ভেতরে দেখতে পেয়ে সে ছেলেধরা বলে চিত্কার করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মর্জিনা আক্তারকে আটক করে মারধর শুরু করে। এলাকার কিছু লোক তাঁকে উদ্ধার করে স্থানীয় দলিল উদ্দিনের বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেকসহ পাঁচজন পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মর্জিনা আক্তারকে উদ্ধার করে নিয়ে আসার সময় এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়। এরপর শুরু হয় বর্বর নির্যাতন। এলাকাবাসী একজোট হয়ে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাতে থাকে অসহায় ওই নারীকে। তিনি চিৎকার দিয়ে আকুতি-মিনতি জানালেও মন গলেনি কারও। পিটুনির একপর্যায়ে মর্জিনা আক্তার মারা গেছেন ভেবে নির্যাতনকারীরা সরে পড়ে। খবর পেয়ে মর্জিনার বোন জোসনা আক্তার তাঁকে বাঁচাতে গেলে জোসনাকেও বেধড়ক পেটানো হয়। পরে পুলিশ মর্জিনা আক্তারকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এলাকায় মর্জিনার কোনো স্বজন আছে কি না, তার খোঁজ না নিয়েই মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০০-৫০০ গ্রামবাসীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার মজিবুর রহমান স্ত্রী জোসনা আক্তারকে নিয়ে সিনাবাহ খন্দকারপাড়া এলাকায় আবদুল করিমের বাড়িতে প্রায় দেড় বছর ধরে ভাড়া থাকেন। তিনি স্থানীয় মাকস সোয়েটার নামের একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী। দুই মাস আগে জোসনা আক্তার তাঁর বাবার বাড়ির এলাকার প্রতিবন্ধী মর্জিনাকে তাঁদের বাড়িতে নিয়ে আসেন।এ ব্যাপারে জানতে চাইলে বাড়ির মালিক আবদুুল করিম প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রায় দুই মাস ধরে ওই নারী আমাদের বাসায় থাকেন। আমাদের বাসায় বেশ কয়েকজন শিশুও রয়েছে। তাদের কোনো অসুবিধা হয়নি বরং শিশুদের সে দেখে রাখত। এলাকাবাসী তাকে এভাবে পিটিয়ে হত্যা করায় আমরা সবাই মর্মাহত।’ ওই বাড়িতেই থাকেন কারখানার শ্রমিক রুবিনা আক্তার। তিনি বলেন, ‘আমার তিন বছরের ছেলেকে অনেক সময় মর্জিনা আক্তারের কাছেই রেখে কাজে যেতাম। তাতে কোনো দিন সমস্যা হয়নি।’সরেজমিন আজ রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে এলাকাবাসীর মুঠোফোনে ধারণ করা কয়েকটি ভিডিওচিত্র পাওয়া যায়। ওই ভিডিওচিত্রে দেখা গেছে, শত শত গ্রামবাসী ওই নারীকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে অতি-উত্সাহী ১৪-১৫ জন যুবক তাঁকে (মর্জিনা আক্তার) লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছে। ওই যুবকদের মধ্যে সিনাবাহ উচ্চবিদ্যালয়ের পোশাক পরা ২-৩ জন ছাত্রও ছিল। পুলিশের উপস্থিতিতে কীভাবে এমন ঘটনা ঘটল—এ প্রশ্নের জবাবে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ‘আমরা উপস্থিত থাকলেও এলাকাবাসীর উত্তেজনার কারণে কিছু করতে পারিনি। ছবি দেখে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’