নৃশংসতার মঞ্চে বিশ্বজিৎ
৮ ডিসেম্বর, রাত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রিকেট সিরিজ জয়ের উল্লাস দেশজুড়ে। ক্রিকেটপ্রেমী বিশ্বজিৎ দাসও পুরান ঢাকার শাঁখারীবাজারের গলিতে লাল-সবুজের পতাকা নিয়ে মেতেছিলেন সেই উৎসবে। বিশ্বজিৎ কি ভাবতে পেরেছিলেন রাত পোহানোর পর সকালেই তাঁকে নৃশংসভাবে বিদায় নিতে হবে? ভাবতে পারেননি বলেই ছাত্রলীগের কর্মীরা যখন তাঁকে উপর্যুপরি কোপাচ্ছিলেন, তখন বিশ্বজিতের চোখে যেন ভয়ের চেয়েও বেশি ফুটে উঠেছিল বিস্ময়। জয়োৎসব করা সেই গলির মুখেই নিথর হয়ে পড়ে ছিলেন বিশ্বজিৎ। গণমাধ্যমে বিশ্বজিৎকে এমন নৃশংসতার মঞ্চায়ন দেখে চমকে ওঠে পুরো জাতি। ছয় বছর আগে শরীয়তপুরের নড়িয়ার মশুরা গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন বিশ্বজিৎ। থাকতেন ঋষিকেশ লেনে। একসময় শাঁখারীবাজারে একটি দর্জির দোকান দেন। প্রতিদিন বেলা ১১টায় দোকান খুললেও ৯ ডিসেম্বর খদ্দেরের ফোনে সকাল নয়টায় বাসা থেকে বের হন। কিন্তু সেদিন যে ১৮ দলীয় জোটের অবরোধ। আর অবরোধে বের হওয়া যে অন্যায়, সেটি জানা ছিল না তাঁর!বিশ্বজিৎ যখন পুরান ঢাকার জজকোর্ট এলাকায়, তখন সেখানে চলছে বিএনপি-সমর্থিত আইনজীবী ও ছাত্রলীগের পরস্পরবিরোধী মিছিল। হঠাৎ বিস্ফোরণ। পাল্টাপাল্টি ধাওয়া। আতঙ্কিত বিশ্বজিৎ আশ্রয় নিলেন দুই তলার একটি ক্লিনিকে। একজন বলে উঠলেন ‘ওপরে’। ছুটে চলল দানবেরা। শত শত মানুষ, গণমাধ্যমকর্মী ও পুলিশের সামনেই বিশ্বজিৎকে কোপানো হলো। সবাই নীরব দর্শক। বিশ্বজিৎ দৌড়ে নিথর হয়ে পড়ে গেলেন শাঁখারীবাজারের গলির মুখে। নিথর দেহটাকেও কেউ হাসপাতালে নিল না। রিকশাচালক রিপন অনেকের মতো অমানুষ হতে পারেননি বলেই নিয়ে গেলেন মিটফোর্ড হাসপাতালে। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হলো বিশ্বজিৎকে। পুরো ঘটনা দেখে জাতি যখন স্তম্ভিত, তখন শুরু হলো আরেক নাটকের মঞ্চায়ন। হামলাকারীদের বাদ দিয়ে পুলিশ মামলা করল ‘অজ্ঞাতনামাদের বিরুদ্ধে’। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দাবি করলেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী নন। সরকারের একাধিক মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর প্রেসসচিবও একই দাবি করলেন। ১১ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গ্রেপ্তার আট। পুলিশ বলল, ‘না’। বাড়ল বিভ্রান্তি। ১৩ ডিসেম্বর পুলিশ চারজনকে আদালতে গ্রেপ্তার দেখাল। কিন্তু জানা গেল তাঁরা কেউই ঘটনায় জড়িত নন। দেশের সব গণমাধ্যমে বারবার হামলাকারীদের নাম-পরিচয় আসার পর ঘুম ভাঙল পুলিশের। ডিবি পুলিশ একে একে গ্রেপ্তার করে গণমাধ্যমে নাম-ছবি আসা ব্যক্তিদের মধ্যে সাতজনকে। পুলিশ ও সরকার দায় এড়াতে চাইলেও অভিযুক্তদের সনদ বাতিল ও বহিষ্কার করে দায়মুক্ত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্বজিৎ ফিরবেন না কোনো দিন, কিন্তু হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো এ ধরনের রাজনৈতিক ‘বলি’ হওয়া বন্ধ হবে—এমন আশা তাঁর পরিবারের। দেশের স্তম্ভিত মানুষও দেখতে চান এ নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত হোক, খুনিরা বিচারের মুখোমুখি হোক। কাজী আনিস