নেংতাগানি চাইলেই হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাঁলসা-বা নেংতাগানি সাঁল দংজাঁ’ আদিবাসী আর্চিক ভাষার এ কথার অর্থ— ‘এক দিনের জন্যও ছুটি (বিশ্রাম) নাই!’ দীর্ঘশ্বাসের সুরে নিজেদের ভাষায় ছুটি প্রসঙ্গে এ কথা বলেন সিলেট নগরের একটি বিউটি পার্লারে সহকারী কর্মীপদে কর্মরত আদিবাসী তরুণী (২০)। নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা ওই তরুণী প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত একনাগাড়ে কাজ করেন। সরকারি ছুটির দিন শুক্রবার অন্যান্য দিনের চেয়ে বিয়েশাদি বেশি থাকে। তখন বিউটি পার্লারে কাজও থাকে বেশি। তাই সরকারি ছুটির দিনও তাঁদের ভাষায় আর ‘নেংতাগানি’ হয় না। এ দৃশ্যপট শুধু সিলেট নগরে নয়, সিলেট বিভাগের চার জেলার দুই শতাধিক বিউটি পার্লারে কর্মরত সহস্রাধিক বিউটি পার্লারের। এতে আদিবাসী তরুণীদের বিরামহীন কাজ করার মধ্যে ‘নেংতাগানি’ নিয়ে মালিকপক্ষের সঙ্গে তাঁদের এক ধরনের বৈরিতা চলে আসছে। অভিযোগ রয়েছে, মালিকপক্ষ বিশেষ করে আদিবাসী কর্মীদের কাছ থেকে নেংতাগানি শুনলেই শুরু হয় নানা রকম হয়রানি। তাই নীরবে নেংতাগানি হয়ে কাজ করে যাচ্ছেন তাঁরা। হবিগঞ্জের বাসিন্দা এক তরুণী দুঃখ করে বলেন, দিনমান কাজের চাপে সরকারি ছুটি তাঁদের ভোগ করা হয় না। অন্তত আন্তর্জাতিক আদিবাসী দিবসে ছুটি পেলে তাঁদের মনে নেংতাগানির জন্য এমন হাহাকার আর থাকত না।বিউটি পার্লারমালিকদের সংগঠন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে দুই শতাধিক বিউটি পার্লার রয়েছে। এর মধ্যে নগরে ১২৫টি। এগুলোতে এক হাজারের বেশি কর্মী কাজ করেন। এর বিরাট অংশ আদিবাসী। কাজের ধরন আর ব্যবসায়িক কৌশলগত কারণে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ে বিউটি পার্লারে ছুটির সুযোগ সংকুচিত। এ কথা স্বীকার করে সুবিদবাজার এলাকার একটি বিউটি পার্লারেরমালিক বলেন, ‘সিলেটে বেশির ভাগ বিয়ে হয় শুক্রবারে। এ জন্য শুক্রবারে ছুটি দেওয়া হয় না। এ ছাড়া অন্যান্য বিয়ে রাতের বেলা হওয়ায় বিউটি পার্লার বিশেষ কারণে খোলা রাখা হয় এবং কর্মীদেরও রাখতে হয়।’ তিনি অবশ্য জানান, সকাল থেকে রাত অবধি কাজ করলেও নিরাপত্তা বিবেচনায় অনেক পার্লারমালিক তাঁদের কর্মীদের নিজ দায়িত্বে আবাসন সুবিধা দিয়েছেন।বিউটি পার্লার ব্যবসা পরিচালনায় সম্পৃক্তদের সূত্রে জানা যায়, কর্মরত কর্মীদের ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে টানাপোড়েন বছরজুড়েই থাকে। কর্মীরা ছুটি নিলে মালিকেরা ক্ষতির মুখে পড়েন—এ ভাবনা থেকে কৌশলের ভূমিকায় অবতীর্ণ এখন মালিকেরা। এ জন্য আদিবাসী কর্মীদের মধ্যে অপেক্ষাকৃত দূরের বাসিন্দাদের চাকরিতে বেশি নিয়োগ দেওয়ার প্রবণতা রয়েছে। নগরের নয়াসড়ক, সুবিদবাজার, মির্জাজাঙ্গাল ও শিবগঞ্জ এলাকায় কয়েকটি বিউটি পার্লার ঘুরে দেখা গেছে কর্মরত আদিবাসীদের অধিকাংশের বাড়ি সিলেট জেলার বাইরে সুনামগঞ্জের নারায়ণতলা, তাহিরপুর, নেত্রকোনা ও হবিগঞ্জে। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তথ্য মতে, বিউটি পার্লারে ৯৫ ভাগ কর্মী আদিবাসী গারো সম্প্রদায়ের। নগরের বাইরে রয়েছে আরও অর্ধশতাধিক বিউটি পার্লার। সেগুলোতেও সমানসংখ্যক আদিবাসী নারীকর্মী কাজ করেন। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যোশেফ হাউই প্রথম আলোকে বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, বিউটি পার্লারে কর্মরতরা নিরবচ্ছিন্ন কাজের মধ্যে থাকেন। কিন্তু অন্যান্য পেশাজীবীদের মতো তাঁদের ছুটি নেই। তাই বছরে অন্তত একটি দিন, আদিবাসী দিবসে আদিবাসী কর্মীদের ছুটি চেয়ে মালিকপক্ষকে চিঠি দেওয়া হয়। কিন্তু তাঁরা এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ দেখান না। বরং সরাসরি কেউ ছুটি চাইলে নানা রকম হয়রানি সইতে হয়।’ ২০০৭ সাল থেকে তাঁরা আদিবাসী দিবসে ছুটি দেওয়ার জন্য সিলেট বিভাগের বিউটি পার্লারমালিকদের যথারীতি চিঠির মাধ্যমে অনুরোধ করে আসছেন বলে জানান যোশেফ হাউই।আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপনে সিলেট বিভাগে সম্মিলিত উদ্যাপন কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ পাত্র বলেন, ‘মালিকপক্ষের কাছে কর্মরত সব কর্মীদের অন্তত সরকারি ছুটির দিন ছুটি দেওয়ার কথা দাবি আকারে জানিয়ে ছিলাম। এ দাবি না মানায় পরবর্তী সময় কেবল আদিবাসী দিবসে তাঁদের জন্য বিশেষ ছুটি দাবি করি। কিন্তু মালিকপক্ষ আমাদের এ দাবিতে কোনো কর্ণপাত করেনি। এবারও আমরা আদিবাসী দিবস উদ্যাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছি।’ যোগাযোগ করলে বিউটি পার্লার মালিক সমিতি সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রফি আহমদ প্রথম আলোর কাছে দাবি করেন, বিউটি পার্লারে কর্মরত শুধু আদিবাসী মেয়েরা নয়, সবার বেলায় সরকারি ছুটি দেওয়া হয়। তবে শুক্রবার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো আমাদের পিক টাইম।’ আদিবাসী দিবসে বিশেষ ছুটির দাবি ও অন্যান্য দিবসে ছুটি চাইলে হয়রানির অভিযোগ প্রসঙ্গে রফি আহমদ কিছুটা ক্ষোভের সুরে বলেন, ‘তাঁরার (আদিবাসী) মাঝে তো অনেক গ্রুপ আছে। এক গ্রুপ এসে আমাদের সঙ্গে বৈঠক করে সব কিছু বুঝেশুনে গেছে। কোন গ্রুপ কোন সময় কী দাবি তুলে আমরা কীভাবে বলব!’বিউটি পার্লারে আদিবাসীদের ছুটিহীন চাকরিজীবন প্রসঙ্গে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা আসলেই অন্যায় ও অমানবিক।’ আদিবাসীরা এ নিয়ে শ্রম আদালতের দ্বারস্থ হলে তাঁদের ন্যায্য দাবি নিয়ে আইনিভাবে লড়ার করার পরামর্শ দেন তিনি। তবে এ ক্ষেত্রে চেম্বার নেতা সিলেটের শ্রম আদালত চট্টগ্রাম হওয়ায় যাতায়াত ভোগান্তির কারণে অনেকে আইনি সুবিধা কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য করেন।