নেই ধনী-গরিবের ভেদাভেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারের তখনো মিনিট পনেরো বাকি। আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সিঁড়ি ভেঙে দ্রুত ওপরে উঠছেন রোজাদারেরা। মসজিদের খোলা বারান্দায় বিশাল জমায়েত। তিনটি সারিতে মুখোমুখি বসে আছেন সহস্রাধিক মানুষ। তাঁরা নানা শ্রেণী ও পেশার। সামনে প্লেটে রকমারি ইফতারি সাজানো। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মাসুম হোসেন গতকাল শুক্রবার আন্দরকিল্লা এলাকায় এসেছিলেন কেনাকাটার কাজে। এরই মধ্যে ইফতারের সময় ঘনিয়ে আসে। অগত্যা ইফতারের জন্য চলে আসেন জামে মসজিদে। তাঁর পাশে বসে আছেন দিনমজুর আতরফ আলী। তিনি এখানেই ইফতারটা সারেন। দুই ছেলেকে নিয়ে ইফতারের অপেক্ষায় আছেন ব্যবসায়ী সাদেক হোসেন। তিনি বলেন, ‘আমি রমজানের প্রতি শুক্রবারেই এখানে এসে সবার সঙ্গে ইফতার করি। কারণ, এর সওয়াবই আলাদা।’মোগল আমলে নির্মিত চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মসজিদের বিশাল আঙিনায় প্রতিবছর রমজানে প্রতিদিন বসে সুবিশাল ইফতারের আয়োজন। এখানে থাকে না ধনী-গরিব, ছোট-বড়র কোনো ভেদাভেদ। যে কেউ ইফতারে অংশ নিতে পারেন। রমজানের প্রথম দিকে প্রতিদিনই এখানে ইফতারের ব্যবস্থা থাকে দেড় থেকে দুই হাজার মানুষের। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। গতকাল শুক্রবার রমজানের দ্বিতীয় দিনে দেড় হাজারের বেশি মানুষ ইফতার করেছেন বলে মসজিদ কর্তৃপক্ষ জানায়। শাহি জামে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল-মাদানীর ব্যক্তিগত উদ্যোগ এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ ইফতারের আয়োজন করা হয়। আর সার্বিক সহযোগিতা করে শাহি জামে মসজিদ মুসল্লি পরিষদ।খতিবের সহকারী হাসান মুরাদ বলেন, এখানে যাঁরা ইফতারসামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতা করছেন, তাঁরা কেউই নিজেদের নাম জানাতে চান না। প্রথম থেকে ১০ রমজান পর্যন্ত এখানে দেড় থেকে দুই হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়। এর পর থেকে দুই থেকে আড়াই হাজার হয়ে যায়। তবে কোনো সময়েই ইফতারে টান পড়ে না। মুরাদের কাছ থেকে জানা যায়, এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের লোকজনই নন, ভিন্নধর্মাবলম্বী ব্যক্তিরাও আসেন এবং সওয়াবের আশায় তাঁরা ইফতারি সংগ্রহ করে নিয়ে যান। এখানে যে কেউ ইফতারসামগ্রীর জন্য আর্থিক সহযোগিতা করতে পারেন।ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, খেজুর, চানাবুট, পেঁয়াজু, জিলাপি, সমুচা, আলুর চপ, শরবত ইত্যাদি। এর মধ্যে চানাবুট, পেঁয়াজু, জিলাপি, সমুচা ও আলুর চপ তৈরি হয় মসজিদের পাশের রান্নাঘরে। জিলাপি, মুড়ি ও শরবত পাঠানো হয় অন্য জায়গা থেকে। পানীয় জলের জন্য ফিল্টারের বড় জারে পানি সরবরাহ করা হয়। জানা যায়, ১৯৯৬ সালে প্রথম মক্কা-মদিনার আদলে এ ধরনের ইফতারের রেওয়াজ চালু করেন শাহি জামে মসজিদের খতিব। সেই থেকে আজও তা বহাল রয়েছে। শাহি জামে মসজিদ মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন বলেন, ‘দূর-দূরান্তের অনেক লোক এখানে ইফতার করতে আসেন। মসজিদের নির্ধারিত লোকজনের পক্ষে তাঁদের ইফতারের সার্বিক তদারক করা সম্ভব হয় না। তাই মুসল্লিদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করে থাকি।’ প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা। চলে ইফতারের আগ পর্যন্ত। এরপর মোনাজাতের মাধ্যমে আলোচনা শেষ হয়। মসজিদের এক পাশে রয়েছে বিশাল রান্নাঘর। এখানে ১০ জন পাচক এবং ২২ জন কর্মী কাজ করেন নিয়মিত। প্রধান পাচক কুমিল্লার লাকসাম উপজেলার ইয়াছিন বাবুর্চি। পারিশ্রমিকের বিনিময়ে ছয় বছর ধরে কাজ করছেন। তিনি জানান, রমজানের প্রতিদিন সকাল ছয়টা থেকে রান্না শুরু হয়। একনাগাড়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এভাবে একসঙ্গে বহু মানুষের রান্না করে তাঁদের খাওয়াতে পারার আনন্দই তাঁর কাছে অনেক। বছরের বাকি সময়ে তিনি বিয়ে, জিয়াফত ইত্যাদি অনুষ্ঠানে রান্নার কাজ করেন।