পুতুলের মতো ডাক্তার বানানো সম্ভব নয়: রুহুল হক
নেই নেই নেই, সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী স্বাস্থ্যসেবার বেহাল দশা। ডাক্তার নেই, চিকিত্সা নেই—এই অভিযোগ সাংসদের। আর এ নিয়ে আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কয়েকজন সাংসদের তীব্র তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।সাংসদেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণে দেশের বেশির ভাগ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার নেই, যন্ত্রপাতি নেই। অ্যাম্বুলেন্স আছে তো চালক নেই। চালক আছে তো গাড়ি নেই। যন্ত্রপাতি আছে তো অপারেটর নেই। অপারেটর আছে তো যন্ত্রপাতি নেই।সাংসদদের প্রশ্নবাণে জর্জরিত স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার উন্নয়নে মন্ত্রণালয়ের আন্তরিকতার কোনো অভাব নেই। চিকিত্সক-সংকট রয়েছে। মন্ত্রণালয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না।আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য তোফায়েল আহমেদ বলেন, তাঁর জেলা ভোলায় সব মিলে ৮০ জন ডাক্তারের পদের বিপরীতে মাত্র ২০ জন ডাক্তার আছেন। এ বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে ৭১ বিধিতে চিঠি দেন। কিন্তু চিঠি দেওয়ার পরপরই ভোলা থেকে আরও ডাক্তার সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ‘এখন প্রশ্ন করার ফলে না জানি আরও ডাক্তার তুলে নেওয়া হয়! তিন বছরে নতুন অনেক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। কারা কীভাবে এগুলোর অনুমোদন পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।’জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে সঠিকভাবে চিকিত্সাসেবা দিতে হলে আরও ছয়-সাত হাজার ডাক্তার প্রয়োজন। তবে এখন তা দেওয়া সম্ভব নয়। পুতুলের মতো ডাক্তার বানানো আমার পক্ষে সম্ভব নয়। বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া যায়। এ নিয়ে জটিলতায় আছি। এখন বিকল্প রয়েছে অ্যাডহকের মাধ্যমে নিয়োগ দেওয়া।’সাংসদ মারুফ সাকলাইন তাঁর নির্বাচনী এলাকার দুটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক সংকটের কথা তুলে ধরেন বলেন, ‘এ নিয়ে আমি অন্তত ১০০ বার মন্ত্রণালয়ে গিয়েছি। ডিও লেটার লিখেছি। তার পরও কাজ হয়নি। তাই মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, কবে আমার এলাকায় ডাক্তার নিয়োগ দেওয়া হবে।’ এ সময় অন্য সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান।সাংসদ জাহিদ মালেক বলেন, মানিকগঞ্জ জেলা হাসপাতালে ৮০ জন ডাক্তারের পদ থাকলেও সব মিলিয়ে আছে মাত্র ২০ জন ডাক্তার। তা ছাড়া কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকায় জেলার রোগীদের হরহামেশাই ঢাকায় ছুটতে হচ্ছে।জাসদের শাহ জিকরুল আহমেদ বলেন, তাঁর এলাকার হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সের দুটিই অকেজো।সবশেষে সংসদের অধিবেশন কাল বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।