নেই বিদ্যুৎ, নেই পানি, নেই গ্যাস...
নাগরিকজীবনকে দুর্বিষহ করে তুলেছে পানি, বিদ্যুৎ আর গ্যাসের সমস্যা। আর এসব দুর্ভোগের শিকার হতে হচ্ছে নারী ও শিশুকে।আর গত কয়েক মাস ধরে দুর্বিষহ জীবনযাপনে অতিষ্ঠ হয়ে উঠেছে বাসাবো, মুগদা, মান্ডা, মাদারটেক, খিলগাঁও, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মালিবাগ ও রামপুরা এলাকাবাসী। তাদের এখন একটাই দাবি—গ্যাস, পানি, বিদ্যুতের এ দুর্ভোগ থেকে পরিত্রাণ। যাতে তারা তাদের পরিবার-পরিজন নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এসব এলাকা ঘুরে দেখা যায়, বিদ্যুৎ, গ্যাস আর পানির কারণে বেশির ভাগ কষ্ট ভোগ করতে হচ্ছে নারী, শিশু ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের। কষ্ট পেতে হচ্ছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের বিশেষ করে খেটে খাওয়া মানুষদের।লোডশেডিং চলছে তো চলছেই...‘প্রতিদিন লোডশেডিং হচ্ছে। আর লোডশেডিংয়ের কারণে মনোযোগ দিয়ে পড়তে পারছি না। রেজাল্ট যে কী হবে, তা আল্লাহই জানেন। একে তো প্রচণ্ড গরম, তার ওপর লোডশেডিং। রাতে ঘুমানোও যায় না, পড়াও যায় না। ভোরে পড়তে বসলেও বিদ্যুৎ থাকে না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে বসলে তখন ঘুম আসে।’ বলছিল, বাসাবোর বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী টুম্পা। ‘অফিসে যতক্ষণ থাকি, লোডশেডিং হলেও জেনারেটরের লাইন থাকায় বোঝা যায় না। বাসায় আইপিএসের লাইন থাকলেও তাতে চার্জ থাকে না বেশিক্ষণ। ফলে গরমে সে কষ্ট তো করতেই হচ্ছে। লোডশেডিংয়ের কারণে রাতে বাসায় গিয়ে কোনো কাজ করতে পারি না ঠিকমতো।’ বলছিলেন, রামপুরার বাসিন্দা সালেহা বেগম (২৮)।লোডশেডিংয়ের কারণে আইপিএস ও জেনারেটরের সংযোগ দেওয়া ব্যবসায়ীদের চলছে রমরমা ব্যবসা। কিন্তু এখনো অনেক পরিবার আছে যাদের এসব কেনার কিংবা লাইন নেওয়ার সামর্থ্য নেই। এসব এলাকার বেশির ভাগ স্কুলে চলছে প্রথম সাময়িক পরীক্ষা। ‘প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে সন্ধ্যায় যে পড়তে বসবে লোডশেডিংয়ের কারণে না পারে বিশ্রাম নিতে, না পারছে পড়াশোনা করতে।’ বলছিলেন, মান্ডার আইডিয়াল কিন্ডারগার্ডেনের ছাত্র সিয়ামের মা। এ তো গেল স্কুলের ছাত্রের মায়ের কথা। লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীরাও পড়েছেন মহাবিপাকে।‘লোডশেডিংয়ের দুর্গতির কারণে কম্পিউটারে কাজ করতে পারছি না। থিসিসের পেপার তৈরি করতে পারছি না, ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্যও নামাতে পারছি না। সেমিস্টার ফাইনাল দেওয়াটাই আমার জন্য দুষ্কর হয়ে উঠেছে।’ বলছিলেন, মালিবাগে বসবাসরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণী অবন্তী (২৪)।‘সারা রাত লোডশেডিং থাকার কারণে বাচ্চাকে ঘুম পাড়াতে পারছি না। ফলে নিজেও ঘুমাতে পারছি না। সকালে অফিসে গিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে পারি না। আবার লোডশেডিংয়ের কারণে পানি থাকে না, ফলে বাচ্চার গোসল, কাপড় পরিষ্কার, আবার নিজের গোসল করাও কষ্টকর হয়ে দাঁড়ায়।’ বলছিলেন, মুগদায় বসবাসরত তাহিরা (২৬)।লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি এবং তা মোকাবিলায় করণীয় সম্পর্কে বলছিলেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউল মাসুদ। ‘লোডশেডিংয়ের সিস্টেম ডিমান্ডের চেয়ে যদি সিস্টেমের যে পাওয়ার পাওয়া যায় সেটা কম হয় তবেই লোডশেডিং হয়। গ্যাস সরবরাহের অপর্যাপ্ততা, বৃষ্টি না হওয়ার কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওয়া ও কৃষি খাতে সেচের কারণে লোডশেডিং হয়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন সময় (সন্ধ্যা ৬টা-রাত ১১টা) এয়ারকুলার বন্ধ রাখতে হবে, এতে কমপক্ষে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। বর্তমান সরকার সাপ্লাই ও ডিমান্ডের গ্যাপ পূরণ করার চেষ্টা করছে। আগামী ২০১৩ সাল নাগাদ নতুন ৭০০০ মেগাওয়াট কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।পানি নেই তো জীবন মরুময়...পানির অপর নাম জীবন। কিন্তু আজ সেই পানিই মানুষের মরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনের প্রয়োজনে পানিতে দেখা দিচ্ছে ময়লা, দুর্গন্ধ বা খাওয়া কিংবা ব্যবহারের অনুপযোগী। ফলে দেখা দিচ্ছে, নানা মৌসুমি পানিবাহিত রোগ। আর পানির এ দুর্ভোগে সবচেয়ে বিপাকে পড়তে হচ্ছে নারী ও শিশুকে।রামপুরার অধিবাসী শামীমা বেগম (৩৫) জানান, ‘স্বামী তো সকালেই অফিসে চলে যান। বাসায় ছোট্ট মেয়েটাকে রেখে নিজেই ঢাকা ওয়াসার জোন অফিসে গিয়ে জারে করে টাকার বিনিময়ে পানি নিয়ে এসে আবার নিচ থেকে চার তলায় তুলতে হয়। আর যে ময়লা, দুর্গন্ধযুক্ত পানি আসে তাতে ছোট্ট মেয়েটার ডায়রিয়া হয়ে গিয়েছিল। পেটের অসুখে ভুগতে হয়েছিল পরিবারের প্রত্যেক সদস্যকে।’‘গত কয়েক দিন ধরে আইসিডিডিআরবিতে ডায়রিয়ায় ভুগছে অথৈ (৪)। বাসার ময়লা পানি খাওয়ার কারণে এ অবস্থা। বাসার পানিতে লাল রং আর ছোট ছোট ময়লা আসে। পানির এ দুর্গন্ধের কারণে এরপর তাই টাকার বিনিময়ে গৃহকর্মীকে দিয়ে পানি টেনে আনতে হচ্ছে কলসি বা কন্টেইনারে ভরে বাসাবো বৌদ্ধ মন্দির থেকে।’ জানালেন, মাদারটেকের বাসিন্দা রহিমা বেগম (৩২)।পানির এ কষ্ট লাঘব করতে দীর্ঘদিন ধরে মানুষকে সাহায্যের লক্ষ্যে পানি বিতরণ করে যাচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির। আগে সকাল-সন্ধ্যা পানি দিলেও এখন দুপুর ১২টা থেকে বেলা তিনটার মধ্যে পানি বিতরণ করা হয়। ৩ এপ্রিল দুপুরে বাসাবো বৌদ্ধ মন্দিরে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা মানুষের পাশে লাইন ধরে সারি করে রাখা হয়েছে পানি বহনের সরঞ্জামাদি—যেমন, ড্রাম, কলসি, বোতল, জার প্রভৃতি। এখানে পানি নিতে আসা অনেকেই মন্তব্য করেন, সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কারণে পানির এ দুর্গন্ধময় অবস্থা। যাত্রাবাড়ী থেকে পানি নিতে আসা রাইসা বেগম (৪০) জানান, পানি তো কলে থাকেই না যেটুকুই বা থাকে তাতে ছোট ছোট নুড়ি, বালুর সঙ্গে দুর্গন্ধ থাকে। তা দিয়ে কোনোরকমে গোসল সারেন। কিন্তু খাওয়া আর রান্নার জন্যই মূলত এখান থেকে পানি নেওয়া। আবার স্থানীয় মসজিদ থেকেও ঢাকা ওয়াসার পাইপ থেকে পানি সংগ্রহ করেন বলে জানান মুগদার লোকজন।খিলগাঁওয়ের অধিবাসী সায়েমা বেগম (৩৮) জানান, ‘তিনি একজন ব্যাংক কর্মকর্তা। সকাল আটটার মধ্যে তাঁকে বাসা থেকে বের হতে হয়। তাই সকালের মধ্যে তাঁকে রান্না করতে হয়। কিন্তু পানির দুর্গন্ধের কারণে সেই পানি দিয়ে রান্না করা যায় না। অনেক কষ্টে একটা কাজের বুয়াকে টাকার বিনিময়ে বৌদ্ধ মন্দির থেকে পানি আনিয়ে রাখেন কন্টেইনার কিংবা কলসিতে। আর গোসলের জন্য পানি ছাকনি দিয়ে ছেঁকে নেন। শুক্রবার বাসায় থাকলে নিজেই পানি আনতে যান।’ মান্ডায় বসবাসরত পোশাকশ্রমিক তানিয়া (১৮) জানান, ‘কামের তাগিদে সকালে বাইর হই, তখন পাশের মসজিদ থেকে দুই কলসি পানি আইন্যা রাইখ্যা হেরপর কামে যাই। যে দিন মন চায় না পানি আনতে, হেই দিন এ ময়লা পানি-ই খাই।’ ঢাকার গেন্ডারিয়া এলাকার ঢাকা ওয়াসার পানির পাম্পে গিয়ে দেখা যায়, ক্ষুব্ধ নারীরা পানি বহনের সরঞ্জামাদি নিয়ে তীর্থের কাকের মতো লাইন ধরে দাঁড়িয়ে আছেন।যাঁরা পানি কিনে খেতে পারছেন, তাঁদের তো মোটামুটি চলে যাচ্ছে। কিন্তু নিম্নবিত্ত অনেক মানুষের টাকা দিয়ে পানি কেনার সামর্থ্য থাকে না, তাই তাঁদের শিশুদের ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এসব রোগ বেশি হচ্ছে। পানি টেনে এনে দিতে দিতে অসুস্থ হয়ে পড়েছেন গৃহকর্মী সালেহা (৪৫)। তাঁর কোমরে কলসি টানতে টানতে ঘা হয়ে গেছে। আবার বিশ্বরোডের বস্তিতে থাকা মর্জিনা (৭) পানির কারণে তার হাতে পাঁচড়া দেখা দিয়েছে।চলছে গ্যাস সংকটকর্মজীবী নারীদের ক্ষেত্রে এটা বড় সমস্যা আকারে দেখা দিচ্ছে।বসাবোর বাসিন্দা বেসরকারি সংস্থায় কর্মরত আইরিন খান (৩৫) জানান, প্রতিদিন সকালে বাসায় রান্নাবান্না করে রেখে অফিসে যেতে হয়। কিন্তু ইদানীং সকালের রুটি ভাজতে না ভাজতেই গ্যাস চলে যায়, আর রান্না করতে পারি না। অফিস থেকে ফিরে ক্লান্তি লাগে, কিন্তু তারপরও রাত ১০টার পর আবার যখন গ্যাস আসে তখন রান্না করতে বসতে হয়। প্রতি মাসে গ্যাসের বিল দিলেও রান্নার জন্য কষ্ট করতে হচ্ছে। পানি ফুটানোর জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না। তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আজিজ খান বলছিলেন।তিনি জানান, সাপ্লাই আর ডিমান্ডের গ্যাপের কারণে উৎপাদন বাড়েনি, তাই গ্যাসের এ সমস্যা হচ্ছে। গ্যাসের এ সমস্যায় বিকল্প হিসেবে সিলিন্ডার, কেরোসিনের চুলা ব্যবহার করা যেতে পারে। তবে গ্যাসসংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে গ্যাস-সংকট রোধে। তবে কৃষি ক্ষেত্রে সেচের প্রয়োজন শেষ হলে এ সমস্যা কিছুটা হলেও লাঘব হবে।