পুরো নাম: নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়রজন্ম: ৫ ফেব্রুয়ারি, ১৯৯২ (মোগি ডাস ক্রুজেস, ব্রাজিল)উচ্চতা: ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চিওজন: ৫৪ কেজিরাশি: কুম্ভপরিবার: বাবা-মা, ভাই-বোনআদর্শ খেলোয়াড়: পেলেস্মরণীয় সাফল্য: সান্তোসের হয়ে ২০১০ সালের ব্রাজিলিয়ান কাপ জয়স্বীকৃতি: ২০১০ সালের ব্রাজিলিয়ান কাপের সর্বোচ্চ গোলদাতাযা কিছু প্রিয়খেলোয়াড়: রোমারিও, রোনালদো ও রবিনহোপোশাক: জিনস, টি-শার্টগাড়ি: নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নেইরং: আকাশি, নীলসিনেমা: দি স্করপিয়ন কিংখাবার: ব্রাজিলিয়ান সব খাবারই ভালো লাগেগান: রক মিউজিকঅন্য খেলা: ফুটবল ছাড়া অন্য কোনো খেলায় আগ্রই নেই শখ: ছুটিতে লং ড্রাইভে যাওয়া ব্যক্তিত্ব: বাবারোনালদোর দুই পায়ের শট, রোমারিওর ভারসাম্য আর বক্সের মধ্যে ক্ষিপ্র চিতার রূপ, রিভালদোর ঠান্ডা মাথার ফিনিশিং, সতীর্থদের অবস্থান বুঝে নেওয়ার কাকার অতীন্দ্রিয় ক্ষমতা, রবিনহোর ড্রিবলিং—এই সবকিছুর সমন্বয় আছে একজনের মধ্যে। সেই একজন নেইমার ডা সিলভা সান্তোস জুনিয়র। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা যখন নেইমারকে দলে নেননি বলে চাপের মুখে, তখন ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লেবোতে ছাপা হয়েছিল প্রতিবেদনটি। নেইমারকে এতগুলো বিশেষণে বিশেষায়িত করে প্রতিবেদনটিতে সবার শেষে লেখা হয়, সবকিছুর পর নেইমার শুধুই নেইমার। তিনি সবার চেয়ে স্বতন্ত্র। আলাদা একটি স্টাইল আছে তাঁর। সহজাতভাবেই জোগো বনিতোর (সুন্দর ফুটবল) প্রেমিক তিনি।জোগো বনিতোর এই প্রেমিক অনেকের চোখেই ব্রাজিলের আক্রমণভাগের ভবিষ্যৎ নেতাও। একজন মহান পেলে, একজন রোমারিও, একজন রোনালদো বা রবিনহোর উত্তরসূরি। একদিক থেকে নেইমার কিংবদন্তি পেলের উত্তরসূরি আগেই হয়ে আছেন। পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসের অন্যতম ভরসার নাম নেইমার। নিজের শহরের এই ক্লাবে নেইমার নাম লিখিয়েছেন সেই ৯ বছর বয়সে। গত বছর অভিষেক হয়েছে সান্তোসের মূল দলে। অভিষেক ম্যাচে ভালো খেললেও গোল করতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচেই পেয়ে যান গোল। এরপর একের পর এক গোল করে সবাইকে চমকে দিয়েই যাচ্ছেন তিনি। দুঙ্গার বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও বিশ্বকাপ-পরবর্তী ব্রাজিল দলে জায়গা করে নিয়েছেন। হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই করেছেন গোল। সব মিলিয়ে ব্রাজিল দলেও পেলের উত্তরসূরি হওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন মোগি ডা ক্রুজেসের বস্তির ছেলে নেইমার।ব্রাজিলে নেইমারকে নিয়ে হইচই আছে। তাঁকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দলে রাখার জন্য জোর দাবিও তুলেছিল ব্রাজিলিয়ানরা। রোমারিও, রোনালদো, রিবেরি, রবিনহোদের সঙ্গেও তুলনা করা হচ্ছে তাঁর। মাত্রই তো শুরু নেইমারের, তাই এখনই কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা চলে না তাঁর। কিন্তু নেইমারের আবেগি বাবা এতসব যুক্তির ধার ধারেন না। তাঁর বিশ্বাস—১৭ বছরের নেইমার ঠিক পেলের মতোই খেলেন। পেলে-ভক্ত নেইমারের বাবার আরও একটা বিশ্বাস আছে—এক দিন তাঁর ছেলে পেলের মতোই জয় করবেন ব্রাজিলের কোটি মানুষের হূদয়, জয় করবেন বিশ্ব। পেলে নিজেও এই বিশ্বাসটা করেন—নেইমার হবেন ব্রাজিলের পরবর্তী বিশ্বজয়ী তারকা।তাঁকে নিয়ে তাঁর ছেলেবেলার আদর্শ পেলে কিংবা বাবার এই যে বিশ্বাস, সেটা জন্ম দিতে দীর্ঘ পথই পাড়ি দিতে হয়েছে নেইমারকে। মোগি ডা ক্রুজেসের বস্তির জীর্ণ-শীর্ণ ঘরটিতে অভাবের অন্ত ছিল না। নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা ছিল পরিবারের। কখনো এক বেলা, কখনো আবার আধবেলা খেয়ে কাটত জীবন।নেইমারের বাবা ছিলেন গাড়ি মেরামতের কারিগর। বেচারা হাজার হাজার গাড়ি মেরামত করলেও নিজের ঘরের মেরামত করতে পারেননি। মোগি ডাস ক্রুজেসের বস্তির ঘরটির চালের ফুটো বেয়ে নেমে আসত জ্যোৎস্না। আলো করত ঘর। টাকার অভাবে এই ফুটো কোনো দিনই সারাতে পারতেন না নেইমারের বাবা। হয়তো ঈশ্বরই চাননি ফুটোগুলো সেরে যাক! কারণ এই ফুটো বেয়েই যে চাঁদের আলোর সঙ্গে ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি এক খণ্ড চাঁদও নেমে এসেছিল সেই ঘরে। নেইমার-চাঁদ। যিনি আলোকিত করছেন ব্রাজিলের ফুটবলকে, আলোকিত করবেন ব্রাজিলের ফুটবলকে। আবিদুল ইসলাম