নেওয়া হচ্ছে ৪০০০ পুলিশ কনস্টেবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৯৪ সাল; সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অন্য দিকে পরিবারে আর্থিক সংকট। ১০ ভাইবোনের সংসারে বাবার কৃষিকাজই ছিল উপার্জনের একমাত্র মাধ্যম। তাই বাধ্য হয়েই ভাবতে হলো নিজে কিছু করার কথা। এরকম সময়ে পত্রিকায় দেখলাম পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। একদিকে পরিবারের আর্থিক সহযোগিতা, অন্য দিকে রয়েছে সামাজিক সম্মান এবং এই পেশার মাধ্যমে প্রত্যক্ষভাবে দেশের সেবা করার সুযোগ। তাই পরিবারের অজান্তেই ভর্তির জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে দাঁড়াই। প্রথমে শারীরিক পরীক্ষা এবং একই দিনে পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় থাকি। তালিকা অনুসারে নাম ডাকা শুরু হয়। কিন্তু তার মধ্যে আমার নাম না ডাকায় হতাশ হই। পরক্ষণেই জানতে পারি, যাদের নাম ডাকা হয়নি তারাই উত্তীর্ণ হয়েছে। সেই এক মুহূর্তের আনন্দ কখনো ভোলার নয়।’ এভাবেই নিজের অভিজ্ঞতা জানালেন পুলিশ কনস্টেবল থেকে উপপরিদর্শক হয়েছেন এমন একজন।শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি—এই হলো বাংলাদেশ পুলিশের মূলনীতি। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার প্রধান দায়িত্বে নিয়োজিত থাকে পুলিশ বাহিনী। আর পুলিশ বাহিনীর প্রাথমিক ও মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন একজন পুলিশ কনস্টেবল। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশ থেকে নিয়োগের জন্য সর্বমোট চার হাজার প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ৬০০ জন নারী প্রার্থীও সুযোগ পাবেন। ঢাকাসহ বিভিন্ন জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বাছাই-প্রক্রিয়া চলবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে নিতে পারেন দেশসেবার সুযোগ। আবেদন-প্রক্রিয়াপ্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় পাস এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়স ১৮ থেকে ২০ বছর। সময় অনুযায়ী প্রতি জেলার নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি (পুরুষ প্রার্থী) এবং পাঁচ ফুট দুই ইঞ্চি (মহিলা প্রার্থী)। উচ্চতার সঙ্গে শারীরিক অন্যান্য যোগ্যতা থাকতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে যোগ্যতার ভিন্নতা রয়েছে। অধূমপায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে।নিয়োগ পদ্ধতিবাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশ কনস্টেবল নিয়োগ-প্রক্রিয়ার দায়িত্বে থাকেন সেই জেলার পুলিশ সুপার। সব জেলায় পুলিশ সুপারের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের একই দিনে ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। সাধারণত এসএসসি সমমানের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। সময় দেড় ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর পুনরায় ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় মূলত উপস্থিত বুদ্ধি যাচাই ও সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে চাওয়া হয়। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে আলাদাভাবে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। তাই ভালো ফলাফল করতে লিখিত পরীক্ষার পাশাপাশি মানসিকভাবেও প্রস্তুতি নিতে হবে।প্রশিক্ষণপ্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশ সুপারের সরবরাহ করা আবেদনপত্র পূরণের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পুলিশ সদর দপ্তরের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুনর্বাছাই কমিটি দ্বারা শারীরিকসহ অন্য যোগ্যতা যাচাইয়ের পর প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। প্রার্থীরা প্রথমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ/মহিলা) হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণকালে বিনা মূল্যে পোশাকসামগ্রী, থাকা-খাওয়া, চিকিৎসা-সুবিধাসহ মাসিক ৩০০ টাকা করে ভাতা দেওয়া হবে। চাকরির সুযোগ-সুবিধাসাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী বেতন হবে ৪৫০০-২৪০ x ৭-৬১৮০-ইবি-২৬৫ x ১১-৯০৯৫ টাকা। অন্যান্য সুবিধাসহ থাকবে স্বল্প মূল্যে রেশনব্যবস্থা। প্রচলিত নিয়মানুযায়ী যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত পরীক্ষায় অংশ নিয়ে পেতে পারেন পদোন্নতি। পদোন্নতি পেয়ে একজন পুলিশ কনস্টেবলের সহকারী পুলিশ সুপার পর্যন্ত হওয়ার সুযোগ আছে। বিদেশি মিশনে যাওয়ার সুযোগও রয়েছে।এ পেশায় ভালো করতেপুলিশ বাহিনীর একজন উপপরিদর্শকের কথায়জানা গেল এ পেশায় ভালো করার উপায়। তিনি বলেন, ‘প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলাম এবং প্রশিক্ষণ শেষে পাসের খবর পাই। চাকরিতে যোগ দিয়ে কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাই এবং সফলতার সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করি। এ পেশায় ভালো করতে হলে পড়াশোনার পাশাপাশি নিজেকে উন্নত করার মানসিকতা থাকতে হবে। চেষ্টা, সততা ও পরিশ্রম হলো মূল হাতিয়ার। এ ছাড়া আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।বিভিন্ন প্রশিক্ষণে খুবই গুরুত্বের সঙ্গে অংশ নেওয়া উচিত। তাহলে নিয়মানুযায়ী পরীক্ষা দিয়ে পদোন্নতির মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব। অনেক মেধাবী শিক্ষার্থীর এ পেশায় আসার পর পড়াশোনার প্রবল ইচ্ছা থাকলেও দারিদ্র্যের কারণে তা আর হয়ে ওঠে না। এ জন্য সরকারি সহযোগিতা ও উদ্যোগ প্রয়োজন।’এ পেশায় ঝুঁকিও আছেঅনেক সময় ১৬ থেকে ১৮ ঘণ্টা টানা ডিউটি পালন করতে হয় পুলিশ কনস্টেবলদের। এ ছাড়া অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে আসামি গ্রেপ্তার করতে হয়। তাই কষ্ট করার মানসিকতা থাকতে হবে এ পেশায় যাঁরা আসতে চান তাঁদের।সব মিলিয়ে রোমাঞ্চও আছে পুলিশ বাহিনীর এ কাজে।আর দেশ সেবার সুযোগটা তো ভালোই আছে।