নেকাব্বরের মহাপ্রয়াণে ১৫ কবি
সরকারি অনুদানে নির্মিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয় করছেন ১৫ জন কবি। এঁরা হলেন—নির্মলেন্দু গুণ, অসীম সাহা, অমিতাভ পাল, সৌমিত্র দেব, বদরুল হায়দার, সনজিব পুরোহিত, মাঈন মজুমদার, সিরাজ এহসান, তারেক মাহমুদ, আনজির লিটন, প্রানেশ চৌধুরী, দিলদার হোসেন, জহির বাপী, ফয়সাল শাহ, জাহেদ সারওয়ার ও মাসুদ পথিক। গত মাসের ২৬ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। পুরোনো ঢাকার বিউটি বোর্ডিং, নেত্রকোনার বিরিশিরি, দিনাজপুরের গ্রামীণ এলাকা এবং নরসিংদীর বিল এলাকায় এর শুটিং চলছে। কবি নির্মলেন্দু গুণের নেকাব্বরের মহাপ্রয়াণ অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন মাসুদ পথিক।ছবিটির কাহিনি সম্পর্কে পরিচালক মাসুদ পথিক বলেন, ‘১৯৭০ সালের প্রেক্ষাপটে বাংলার গ্রামীণ জনপদের কৃষক নেকাব্বরকে ঘিরে ছবিটির গল্প গড়ে উঠেছে। যিনি শোষকের বিরুদ্ধে সদাজাগ্রত। নেকাব্বরকে ঘিরে সাধারণ কৃষকেরাও প্রতিবাদী হয়ে ওঠেন শোষক শ্রেণীর বিরুদ্ধে। তাঁদের এই প্রতিবাদ চরম পর্যায়ে পৌঁছার আগেই শুরু হয় মুক্তিযুদ্ধ। নেকাব্বর মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পঙ্গুত্ব বরণ করেন। এরপর আরও নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের গল্প।’ছবিটির মুক্তির প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আশা করছি আগামী মে মাসের মধ্য এ চলচ্চিত্রটির সম্পূর্ণ শ্যুটিং শেষ করতে পারব। এরপর অন্যান্য কাজ শেষ হলে ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।’১৫ জন কবির পাশাপাশি নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে অভিনয় করেছেন নবীন-প্রবীণ বেশ ক’জন অভিনয়শিল্পী। এঁরা হচ্ছেন—চম্পা, প্রবীর মিত্র, মামুনুর রশীদ, সমু চৌধুরী, হেলাল খান, জয়রাজ, লাবন্য লিজা, জুয়েল জহুর, বাদল শহীদ, শেখ শাহেদ আলী, রাজু আহমেদ, সৈয়দ জোবায়ের প্রমুখ।