নেচে নেচে ট্রাফিক নিয়ন্ত্রণ!
মুখে বাঁশি ও বিরামহীন হাত নেড়ে একঘেয়েভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের দৃশ্য চিরচেনা। কিন্তু নেচে নেচেও যে যানবাহন নিয়ন্ত্রণ করা যায়, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ট্রাফিক পুলিশ কর্মকর্তা টনি লেপোরকে দেখে তা জানা গেল। প্রতিবছর বড়দিনের সময় টানা ১০ দিন নেচে নেচে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন তিনি। আজ বৃহস্পতিবার ‘ডেইলি মেইল’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে এই বিশেষ কাজটি পালন করেন টনি। তবে ১৯৮৮ সালে কাজটি ছেড়ে দেন তিনি। ১৯৯২ সালে রোড আইল্যান্ডের ট্রাফিক দপ্তরের অনুরোধ পুনরায় কাজে যোগ দেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। এখন প্রতিবছর বড়দিনের সময় টানা ১০ দিন নেচে নেচে ট্রাফিক নিয়ন্ত্রণ করে সবাইকে মাতিয়ে রাখেন টনি।টনি জানান, এ ধরনের কৌশল ট্রাফিক পুলিশদের তাঁদের দৈনন্দিন একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। তা ছাড়া গাড়িচালক ও পথচারীরাও চলার পথে খুঁজে পান আনন্দের খোরাক। আনন্দ থাকলেও কাজটি খুব একটা আরামের নয়। নাচতে গিয়ে আঘাত পাওয়ায় হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে। এ ছাড়া মাঝেমধ্যে শরীরের পেশিগুলোও অসাড় হয়ে আসে।