নেতা-কর্মীদের কেউ অন্যায় করলে তাঁকেও শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে কেউ অন্যায় করলে তাঁকেও শাস্তি পেতেই হবে। যত বড় নেতা-কর্মীই হোক না কেন, তাঁকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘ঘরের ভেতর থেকে শাসন শুরু না করলে বাইরে করব কীভাবে? এটা সবাইকে ভাবতে হবে।’২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা জানার পরামর্শ দিয়ে বলেন, ‘আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।’ এ স্বপ্নপূরণে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ২১ আগস্টের ঘটনায় বিএনপি জড়িত থাকার অভিযোগ করে শেখ হাসিনা বলেন, হামলাকারীরা যাতে নিরাপদে পালিয়ে যেতে পারে, সেজন্য তত্কালীন সরকার ব্যবস্থা নিয়েছিল। আলামত রক্ষা না করে ধ্বংস করে ফেলা হয়।স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকারের ভালো কাজ ম্লান করে দিচ্ছেন দলের কিছুসংখ্যক নেতা-কর্মী। জাতি আওয়ামী লীগের কাছ থেকে এমন ব্যবহার আশা করে না। তিনি নেতা-কর্মীদের বলেন, আচার-আচরণ এমনভাবে করতে হবে, যাতে আওয়ামী লীগের অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত না হয়।সভায় বক্তব্য দেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শেখ সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।