নেতা-কর্মীদের চাঙা রাখতেই হরতাল!
সরকার পতনের দাবিতে আন্দোলন শুরু করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এই দাবিসহ আরও কয়েকটি দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে আজ বুধবার সকাল থেকে। বিএনপির সূত্রগুলো বলছে, ক্রমান্বয়ে সরকার পতনের আন্দোলন জোরদার করা হবে। হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে ঘন ঘন।তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিয়ে সরকার পতন করা যাবে—তা তাঁরা মনে করেন না। মূলত মাঠপর্যায়ের নেতা-কর্মীদের চাঙা রাখতেই এই হরতাল। পাশাপাশি সরকারকে চাপে রাখতে ও সরকারবিরোধী একটি জনমত সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে বলে তাঁরা জানান।এরশাদ-পরবর্তী সময়ে প্রায় সব কটি নির্বাচিত সরকারের পতনের দাবিতে আন্দোলন করেছে বিরোধী দল। হরতাল, অবরোধের মতো কর্মসূচি পালন করেছে দিনের পর দিন। কিন্তু নির্দিষ্ট মেয়াদের আগে কোনো সরকার ক্ষমতা ছাড়েনি বা কোনো সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি। বিএনপির শীর্ষস্থানীয় ওই নেতারা মনে করেন, এখনো আন্দোলন করে সরকার পতন সম্ভব নয়।বিএনপি মনে করছে, বেশির ভাগ মানুষ এই সরকারের ওপর রুষ্ট। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের জোট ক্ষমতায় আসবে। কিন্তু নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান বাতিল হওয়া এবং এ বিষয়ে সরকারের অনড় অবস্থান বিএনপিকে চিন্তায় ফেলেছে। দীর্ঘদিন থেকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু তাতে কোনো সুফল মিলছে না। সরকারও তাতে কোনো ধরনের সাড়া দিচ্ছে না। তাই সরকারকে চাপে ফেলতে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করতে মূলত সরকার পতনের কথা বলা হচ্ছে। তবে তাদের মূল দাবি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। বিএনপি মনে করছে, সরকার পতনের দাবি হলো আন্দোলনের চূড়ান্ত পর্যায়। শুধু এই দাবির কারণে মাঠপর্যায়ের নেতা-কর্মী চাঙা হওয়া ছাড়াও সব মহলে নতুন আলোচনা উঠবে। এ অবস্থায় মাঠে আন্দোলন জোরদার করা গেলে দেশি-বিদেশি চাপে সরকার বিএনপির প্রধান দাবি, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, আন্দোলন করে নির্বাচিত সরকার পতনের নজির নেই। আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতন হয়েছিল, তবে সেটি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে গণবিক্ষোভের ফল। তিনি বলেন, হরতাল, অবরোধ দিয়ে সরকারের পতন হবে না, তা ঠিক। তবে এ ধরনের কর্মসূচি সরকারকে চাপে রাখবে। পাশাপাশি নির্বাচনের আগে আগে এ ধরনের কর্মসূচি নেতা-কর্মীদের চাঙা রাখে। বিরোধী দলের দাবি-দাওয়ার বিষয়টি আলোচনায় থাকে।এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, নির্বাচন নিশ্চিত হলে সাধারণত আন্দোলন জমে না। কারণ মানুষ সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভের প্রকাশ ব্যালটের মাধ্যমে করতে পারে। তিনি বলেন, এখন যেহেতু নির্বাচন অনিশ্চিত, তাই সামনে গণ-অভ্যুত্থান ঘটার মতো পরিবেশ দেখা যাচ্ছে। কারণ, একদিকে নির্বাচন অনিশ্চিত, অন্যদিকে সরকার অসহিষ্ণু হয়ে উঠেছে। আর গণ-অভ্যুত্থানের মধ্যে এরশাদ সরকারের পতনের দৃষ্টান্ত এ দেশে আছে।