নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে: আমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেছেন, বর্তমান স্বৈরাচারী মহাজোট সরকার চারদলীয় জোটের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি করে আসছে। তাই সরকার পতনের লক্ষ্যে কঠিন কর্মসূচি দেওয়া হবে। এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।আজ শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায় এক অনুষ্ঠানে আমানউল্লাহ আমান এ কথা বলেন। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শেয়ারবাজারে নজিরবিহীন কেলেঙ্কারি, সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি এবং লুটপাটের রামরাজত্ব কায়েম হয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘরে বসে থাকবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।