নেতা-কর্মীদের মুক্তি না দিলে আত্মহত্যা শেষ পরিণতি: মাহবুবুর (ভিডিও)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি না দিলে আত্মহত্যা হবে এই সরকারের শেষ পরিণতি। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৮ দলের জাতীয় নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম।মাহবুবুর রহমান অভিযোগ করেন, এই সরকার অন্যায়ভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। আজ গ্রেপ্তার নেতাদের মামলার ব্যাপারে শুনানি রয়েছে। তিনি বলেন, ‘আজ বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি না দিলে আমরা বুঝব, আপনারা আত্মহত্যা করছেন। এটাই হবে আপনাদের শেষ পরিণতি।’বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন, হামলা, মামলা বন্ধের আহ্বান জানিয়ে মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি দেশ বাঁচানোর কথা, গণতন্ত্র রক্ষার কথা বলছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্রয়োজনে আপনারা আত্মহত্যা করুন, কিন্তু দেশকে আত্মহত্যা করতে দেওয়া হবে না।’ বর্তমানে দেশ গভীর গিরিখাদের সামনে দাঁড়িয়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।আগামী নির্বাচন সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, দেশে বর্তমানে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তার একমাত্র প্রতিষেধক হলো নির্বাচন। আর নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ। তাই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনুন। কেননা, হাইকোর্টের রায়ে পর পর দুইবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। তাই কোনো প্রকার টালবাহানা না করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, হাবিবুল হোসেন, শাহজাহান, ইসমাইল হোসেন, মো. হানিফ, হেলেন জেরিন খান প্রমুখ।