নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি সংসদীয় দলের মানববন্ধন
২৭ জুনের হরতালে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির সংসদীয় দল। আজ বুধবার সংসদ ভবনের পূর্ব প্লাজায় তারা এই কর্মসূচি পালন করে।মানববন্ধন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরীসহ হরতালে গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।কর্মসূচি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ মওদুদ আহমদ সংসদের স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বলেন, সুষ্ঠু পরিবেশ না হওয়া পর্যন্ত বিএনপি সংসদের বাইরে থাকবে।মওদুদ আহমদ বলেন, সরকারের ব্যর্থতা যতই বাড়ছে, ততই তারা অসহিষ্ণু হয়ে উঠছে। মির্জা আব্বাসের বাসায় যেভাবে হামলা চালিয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এখন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে দমন করাই তাদের একমাত্র অ্যাজেন্ডা।সাংসদ শহীদউদ্দিনের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের দুই রকম বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, স্পিকার বলেছেন তাঁকে গ্রেপ্তারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর অনুমতি নেয়নি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্পিকারের অনুমিত নিয়েই গ্রেপ্তারের করা হয়েছে।বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের কমিশনার চৌধুরী আলমের প্রকৃত সন্ধান চেয়ে বিরোধী দলের হুইপ জয়নুল আবদিন বলেন, হরতালের আগের দিন তাঁকে সাদা পোশাক পরিহিত র্যাবের সদস্যরা নিয়ে যান। কিন্তু এখন তিনি কোথায় আছেন, তাঁর পরিবার তা জানে না। এ বিষয়ে মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি।মানববন্ধন কর্মসূচিতে অন্য সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন মোতাহার আলী, আবুল খায়ের ভূঁইয়া, হারুন অর রশীদ, নাজিম উদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, গোলাম মোস্তফা, জাফরুল ইসলাম চৌধুরী, আমজাদ হোসেন, আশরাফউদ্দিন নিজান, আবদুল মোমিন তালুকদার, রেহেনা আক্তার, শাম্মী আক্তার, রাশেদা বেগম, নীলুফার চৌধুরী, সৈয়দা আসিফা আশফিয়া পাপিয়া প্রমুখ।