নেতা কারাগারে তাই পরীক্ষা পণ্ড করে দিল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের এক নেতা কারাগারে থাকার কারণে মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে না পারায় সংগঠনটির নেতা-কর্মীরা ওই কোর্সের পরীক্ষা পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা পরীক্ষার কক্ষে তালাও ঝুলিয়ে দেন।সংশ্লিষ্ট বিভাগ ও পরীক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক ও ফলিত রসায়ন বিভাগের মাস্টার্স ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র শাহিনুজ্জামান ১ আগস্ট ঢাকায় গ্রেপ্তার হন। এর আগে গত ২২ জুন তাঁর বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। রোজা ও ঈদের ছুটির আগে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় খোলার পর গতকাল সোমবার চতুর্থ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কারাগারে থাকার কারণে শাহিনুজ্জামান পরীক্ষা স্থগিত করার আবেদন জানান। তবে পরীক্ষা স্থগিত করা হয়নি। সূত্র জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শিক্ষকেরা পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিলে শিবিরের নেতা-কর্মীরা সংশ্লিষ্ট বিভাগে এসে শিক্ষকদের বাধা দেন। পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থীকেও তাঁরা পরীক্ষাকক্ষ থেকে বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ পাঠানো হয়। কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মাহবুবর রহমান ও প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এসে শিক্ষক ও নেতা-কর্মীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। কিন্তু শিক্ষকেরা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই পরীক্ষা বন্ধ করে দেন এবং পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী অভিযোগ করেন, ‘আমরা কয়েকজন পরীক্ষা দিতে এলে শিবিরের নেতা-কর্মীরা আমাদের পরীক্ষাকক্ষে ঢুকতে না দিয়ে বের করে দেন। কবে, কখন পরীক্ষা হবে সে ব্যাপারে শিক্ষকেরাও কিছু জানাননি।’অভিযোগের ব্যাপারে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক আতিকুল্লাহ খান বলেন, ‘শাহিনুজ্জামানের পরীক্ষা দেওয়ার ব্যাপারে আদালতের অনুমতি চাওয়া হয়। তবে এখনো অনুমতি না পাওয়ায় তাঁর পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। একজনকে রেখে অপর পরীক্ষার্থীদের পরীক্ষা না নিতে শিক্ষকদের কাছে অনুরোধ জানালে তাঁরা তা উপেক্ষা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেন। এতে আমরা শিক্ষার্থীদের পক্ষ নিয়েছি মাত্র।’বিভাগের সভাপতি অধ্যাপক শামসুল আলম বলেন, ‘শিবিরের নেতা-কর্মীদের বাধায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে পরীক্ষার ব্যাপারে আমরা একটি সভায় বসতে চেয়েছিলাম, কিন্তু সেভাবে বসা হয়নি। আপাতত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে বিভাগীয় শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’