নেতা খুন, টাঙ্গাইলে কাল আ.লীগের হরতাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল পৌর এলাকায় জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে খুনের প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। তবে বিশ্ব ইজতেমার কারণে মহাসড়ক হরতালের আওতামুক্ত থাকবে। আজ শনিবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর খান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে (৬০) শহরের কলেজপাড়ায় তাঁর বাসার কাছে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ফারুক আহমেদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে জেলা আওয়ামী লীগের এই অন্যতম সদস্য ও মুক্তিযোদ্ধাকে তাঁর কলেজপাড়ার বাসার কাছে পড়ে থাকতে দেখেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক ওরফে শামীম। এ সময় শামীমের চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাঁরাও ধারণা করছেন ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান জানান, ফারুক আহমেদ সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।