নেতা-নেত্রীদের ঈদ ও আমাদের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আমজনতার ঈদ উদযাপনের সঙ্গে নেতা-নেত্রীদের ঈদ উদযাপনের কোনো মিল নেই। আমজনতাকে ঈদ করতে বাড়ি যেতে হয় লঞ্চ ও বাসে গাদাগাদি করে, ট্রেনের ছাদে চড়ে কিংবা হাতল ধরে। সেই সামর্থ্য যাঁদের নেই, তাঁরা দেশে ঈদ করতে যান ১০ টন সমগ্র বাংলাদেশ নামক বাহনটিতে চড়ে।এ বছর তুলনামূলকভাবে ঈদে বাড়ি যেতে মানুষকে কম ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রথমত, ১৫ আগস্ট থেকে লম্বা ছুটি ছিল। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর পূর্বসূরির মতো সবকিছু ঠিক আছে কিংবা বরাদ্দ নেই বলে রাস্তা খারাপ বলে দায় এড়াতে চাননি। ঈদের আগে প্রায় প্রতিদিনই রেলস্টেশনে গিয়েছেন, যাত্রীদের অভাব-অভিযোগ শুনেছেন, এমনকি যাত্রীদের সামনে রেখে রেল কর্মকর্তাদের পদচ্যুতির হুমকিও দিয়েছেন। মানুষ মন্ত্রী-আমলাদের কাছে এটুকুই চায়। বিপুল জনসংখ্যা ও সীমিত সম্পদের দেশে কোনো সরকারের পক্ষেই মানুষের সমুদয় দাবি ও অভাব-অভিযোগ মেটানো সম্ভব নয়। কিন্তু মানুষ দেখতে চায়, তারা যাঁদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, যাঁরা মন্ত্রী-সাংসদ হয়েছেন, তাঁরা অন্তত জনগণের সমস্যাটি বুঝতে চেষ্টা করবেন। স্বজনের সঙ্গে ঈদ করতে যাঁরা বাড়ি গিয়েছেন, তাঁরা নিরাপদে ফিরে আসুন। আবার কর্মচঞ্চল হয়ে উঠুক সরকারি-বেসরকারি সব দপ্তর, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান।২.ঈদের দিন বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ইস্কাটনের লেডিস ক্লাবে বিদেশি কূটনীতিক, দেশি বিশিষ্টজন এবং সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানও বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছিলেন। এর পাশাপাশি সদ্য ভারত সফর ফেরত উজ্জীবিত সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদও তাঁর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী আয়োজিত অনুষ্ঠানে বিদেশি কূটনৈতিক ছাড়া অভিন্ন অতিথি কেউ ছিলেন না। থাকার কথাও নয়। এক নেত্রী যাদের দেশপ্রেমিক মনে করেন, আরেক শ্রেণীর চোখে তারা দেশদ্রোহী। এক নেত্রীর কাছে যারা বিশ্বস্ত, আরেক নেত্রীর কাছে তারা বিশ্বাস ভঙ্গকারী। এক নেত্রীী যাদের কাছে ডাকেন, আরেক শ্রেণী তাদের কালো তালিকাভুক্ত করেন। সমাজে প্রতিটি শ্রেণী-পেশার মানুষ আওয়ামী লীগ ও বিএনপি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এর বাইরে যারা, তাদের চিহ্নিত করা হয় ‘তৃতীয় শক্তি’ হিসেবে।ঈদের দিন শুভেচ্ছা বিনিময়কালে দুই নেত্রীর বক্তব্য ছিল বিপরীতধর্মী। প্রধানমন্ত্রী বলেছেন, সময়মতো সরকার পরিস্থিতি মোকাবিলা করায় এবার মানুষ স্বাচ্ছন্দে ঈদ করতে পেরেছে। রাস্তা-ঘাটে কোনো সমস্যা হয়নি। এবারে রোজায় মানুষ পর্যাপ্ত বিদ্যুত্ পেয়েছে। জিনিসপত্রের দাম ছিল সহনীয়। কোনো পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়নি। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে একহাত নিতেও ছাড়েননি। আমাদের নেত্রীরা মনে করেন না, ‘আমার সমালোচক আমার বন্ধু’, বরং তাঁরা সমালোচককে বরাবর শক্র জ্ঞান করেন। আমরা তো মনে করি, রোজার আগে থেকে বাজার পরিস্থিতি নিয়ে লেখালেখি হওয়ায় সরকার সজাগ হয়েছে। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছে। এতে গণমাধ্যমের দোষ কোথায়? আরেক দিকে বিরোধীদলীয় নেত্রী বলেছেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় এবারে মানুষ ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেনি। এই আনন্দ পুরোপুরি উপভোগের জন্য তিনি সরকারের হাত থেকে নিস্তার চেয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ করতে বলেছেন। অন্যথায় সরকারে জন্য খুব খারাপ হবে বলেও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।অবশ্য বিরোধীদলীয় নেত্রী একবারও বলেননি যে তাঁর শাসনামলে মানুষ কেমন ঈদের আনন্দ উপভোগ করত। তখন তো বোমা, গ্রেনেড ও অব্যাহত জঙ্গি হামলায় জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ২১ আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলার কথা মানুষ ভুলে যায়নি।প্রধানমন্ত্রীও বলেননি, এবারে মানুষ স্বস্তিতে ঈদ করতে পারলেও গত বছর কেন ঈদের আগে পরিবহনমালিকেরা ধর্মঘট ডেকেছিল। কেন সৈয়দ আবুল হোসেন তাঁর ব্যর্থতার দায় অর্থমন্ত্রীর ওপর চাপিয়ে দিয়েছিলেন।এবারে ঈদুল ফিতরে মানুষের মনে মোটামুটি স্বস্তি থাকলেও আগামী ঈদুল আজহায় যে তা অক্ষুণ্ন থাকবে, সে কথা নিশ্চিত করে বলা যায় না। বিরোধী দল ঈদের পর কঠিন আন্দোলনের কথা বলেছে। ধারণা করি, সরকারি দলও সেই কঠোর আন্দোলনের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেবে। কিন্তু সাধারণ মানুষ কী করেছে, তারা কোথায় যাবে?৩.আমাদের নেতা-নেত্রীরা যদি একটু আমজনতার কথা ভাবতেন, তাহলে ঈদের দিনে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিতেন না। ঈদের শুভেচ্ছা কার্ডে তাঁরা যে শান্তি ও সৌহার্দ্যের বাণী উত্কীর্ণ করেছেন, সেই বাণীর বাস্তবায়নেই ব্রতী হতেন। যদি এমন হতো, প্রধানমন্ত্রীর ঈদ পুনর্মিলনীতে বিরোধীদলীয় নেত্রী গিয়ে হাজির হতেন কিংবা বিরোধীদলীয় নেত্রীর ঈদ পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে বলতেন, ‘আসুন, আমরা দুজন মিলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই।’ আমরা সে রকম একটি ঈদের অপেক্ষায় আছি। আমরা না পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম যেন দেখে যেতে পারে।