নেতাদের না ছেড়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, বাজেট অধিবেশনের সাত দিন আগে কোনো সাংসদ জেলে থাকলে আইনে তাঁকে মুক্তি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু সরকার তা করেনি। এখন আর সময় নেই। তাঁদের না ছেড়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে তিনি অভিযোগ করেন।আজ বৃহস্পতিবার রাজধানীতে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভে মওদুদ আহমদ এসব কথা বলেন। বিক্ষোভে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ অন্যান্য নেতাকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়।মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে বিএনপির সঙ্গে সমঝোতায় আসুন। নইলে দেশ সংঘাতের দিকে যাবে। তিনি বলেন, ১৮ দলীয় জোটের নেতাদের জামিন না দেওয়ায় প্রমাণ হয়েছে, সরকার আদালতকে নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, সরকারের জনপ্রিয়তা নেই। তাই সরকার আদালত ও পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করছে।কালো টাকা সাদা করার সিদ্ধান্ত প্রসঙ্গে মওদুদ বলেন, নয়টি ব্যাংককে অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংককে অনুমোদনের জন্য ৪০০ কোটি টাকা জামানত দিতে হবে। মূলত এই কালো টাকা সাদা করার জন্যই বাজেটে এটিকে অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।মওদুদ আহমদ আরও বলেন, কেন্দ্রীয় নেতাদের আটক করলে আন্দোলন থামবে না। বিএনপির হাজার হাজার নেতা আছেন, যাঁরা কেন্দ্রীয় নেতা হওয়ার যোগ্য।ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, মো শাহজাহান, বরকতুল্লাহ প্রমুখ।