চট্টগ্রাম বন্দর পরিস্থিতি স্বাভাবিক পুরোদমে কাজ শুরু
নেতাদের প্রতি শ্রমিকদের অনাস্থাই অস্থিরতার কারণ
সেনাসদস্য মোতায়েনের পর চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার বন্দরের ১২টি জেটিতে পুরোদমে পণ্য ওঠানো-নামানোর কাজ হয়েছে।বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, দাবি আদায় না হওয়ায় শ্রমিকনেতাদের প্রতি শ্রমিকদের অনাস্থা ও ক্ষোভ জন্মে। বাড়ে অস্থিরতা। শ্রমিকদের একটি বড় অংশ নতুন গঠিত একটি সংগঠনে যোগ দেয়। গত মঙ্গলবার শ্রমিকনেতাদের ওপর হামলা এর বহিঃপ্রকাশ। ওই হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বুধবার বিকেল থেকে বন্দরে সেনা মোতায়েন করা হয়।সূত্র জানায়, সোমবার ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ নামে নতুন সংগঠন গঠিত হয়। নৌপরিবহনমন্ত্রী এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনরত আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম ডক শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতারা বারবার বৈঠক করলেও দাবি আদায়ে সন্তোষজনক অগ্রগতি হয়নি। ফলে শ্রমিকেরা নতুন সংগঠন সমন্বয় পরিষদে যুক্ত হতে থাকেন। মঙ্গলবার বিকেলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠকের আগে ফেডারেশনের নেতারা জেটিতে কাজ শুরু করতে যান। সমন্বয় পরিষদ এতে বাধা দেয় এবং এ সময় হামলায় ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদসহ কয়েকজন আহত হন।গোলাম মোহাম্মদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা মন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও শ্রমিকদের কোনো দাবি আদায় করতে পারছিলাম না। এ কারণে সাধারণ শ্রমিকেরা নতুন সংগঠনের আশ্রয়ে গিয়ে আমাদের বিরোধিতা করে।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বলেন, ‘নেতাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই সুযোগে নতুন নেতৃত্ব নেওয়ার চেষ্টা করে একটি পক্ষ। এ কারণে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’জানা গেছে, সমন্বয় পরিষদের সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক-কর্মচারীদের একটি বড় অংশ যোগ দেয়। স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাবেক নেতা আহমেদ নুর, মো. ফেরদৌস এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন। সংগঠনটির সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন শুরু করে আওয়ামী লীগ সমর্থিত ডক বন্দর ঐক্য পরিষদ।সমন্বয় পরিষদের সদস্য ফেরদৌস আলম প্রথম আলোকে বলেন, ‘সাধারণ শ্রমিকেরা বেসামাল হয়ে যাওয়ায় তাঁদের নিয়ন্ত্রণ করতে সোমবার নতুন সংগঠন গঠন করা হয়। বুধবার নিষেধাজ্ঞার বিষয়টি তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। এ কারণে মিছিল হয়েছে এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।’বন্দর সূত্র জানায়, বুধবার বিকেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমন্বয় পরিষদের ব্যানারে পাঁচ শতাধিক শ্রমিক কাফনের কাপড় পরে মিছিল করেন। তাঁরা জেটিতে প্রবেশ করেন। নিমতলায় সমন্বয় পরিষদের মিছিল-সমাবেশে অংশ নেন ফেডারেশন থেকে বেরিয়ে আসা কয়েকজন শ্রমিক। তাঁদের একজন নুর ইসলাম বলেন, ‘ফেডারেশন সাধারণ শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে ব্যর্থ হয়েছে। এ কারণে আমরা সমন্বয় পরিষদে একত্র হয়েছি।’ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আশ্রাফ বলেন, ফেডারেশনের নেতারা বার্থ অপারেটরদের সঙ্গে যোগসাজশ করেছেন। এ কারণে ফেডারেশন থেকে বেরিয়ে তাঁরা সমন্বয় পরিষদের ব্যানারে যোগ দেন।ফেডারেশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ বিষয়টি স্বীকার করে বলেন, ‘মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন দাবি মেনে নেওয়ার। বিষয়টি আমরা শ্রমিকদের বুঝিয়েছি। কিন্তু তাঁরা তা বিশ্বাস করতে রাজি হননি। এ কারণে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।’পুরোদমে কাজ শুরু: টানা পাঁচ দিন পর বুধবার রাত আটটা থেকে বন্দরের ১২টি জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ পুরোদমে শুরু হয়। গতকাল সকাল থেকেও পুরোদমে কাজ হয়। সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেছেন। বন্দরের জেটির সংরক্ষিত এলাকায় এক কোম্পানি সেনাসদস্য টহল দিচ্ছেন। গত বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করার ছয় দিনের মাথায় ১২টি জেটিতে কাজ শুরু করেছে বার্থ অপারেটররা। বন্দরে অপর চারটি জেটিতেও কাজ চলছে।বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন সেলিম গতকাল বলেন, বন্দরে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন।বুধবারের ঘটনায় মামলা: বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ওই রাতেই বন্দর থানায় ৩০০-৪০০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সংঘর্ষের সময় ২৯ জন এবং রাতে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এই ৪০ জনকে গতকাল আদালতে সোপর্দ করা হয়।ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আশ্রাফ বলেন, গ্রেপ্তার হওয়া সবাই সাধারণ শ্রমিক। তাঁদের বিরুদ্ধে মামলা হওয়ায় অনেকে ভয় ও হতাশায় আছেন।আইএসপিআরের বক্তব্য: এদিকে গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের পরিস্থিতিতে সরকারের নির্দেশে বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিতে বুধবার বিকেল চারটায় ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বন্দরে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর ফলে তাৎক্ষণিকভাবে বন্দর এলাকায় বিশৃঙ্খলা দূর হয়। বার্থ অপারেটরদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। সেনাবাহিনীর টহল ও পাহারায় বিকেল পাঁচটার মধ্যে বন্দরের কার্যক্রম আংশিকভাবে সচল হয়। পরে আগ্রহী শ্রমিকদের কাজে যোগদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় রাত আটটা নাগাদ সব কটি জেসিবি বার্থ পুরোপুরি কাজ শুরু করে, যা বর্তমানেও অব্যাহত আছে। গতকাল সন্ধ্যা নাগাদ প্রায় দুই হাজার বার্থ ও ডক শ্রমিক ১২টি বার্থে কাজে যোগ দেওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসে। উল্লেখ্য, বর্তমানে চট্টগ্রাম বন্দর এলাকায় সেনাসদস্যরা পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছেন।