বিরোধী দলের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের ফেরত দিয়ে সংলাপের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮-দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংলাপের কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আগে সরকারকে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য আটক নেতা-কর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও গুম হওয়া ব্যক্তিদের ফেরত দিতে হবে। তিনি বলেন, সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। বিলম্ব হলে সংঘাত হবে। আগামী দিনে আরও কঠিন ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতি ও সেতু না হওয়ার জন্য একমাত্র প্রধানমন্ত্রী দায়ী। তিনি আবুল হোসেনকে ধরেননি, আসামি করেননি। কারণ আবুলকে ধরলে বিদেশে থাকা বাবুলদেরও ধরতে হবে।’সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলাকারীদের ‘সংগ্রামী সালাম’ জানান। তিনি বলেন, ‘ফটিকছড়িতে যারা প্রতিরোধ করেছেন তাঁরা সাহসী, দেশের প্রতিটি জেলা ও উপজেলাকে এমন সাহসী হতে হবে। স্বৈরাচার পতন আন্দোলনে ফটিকছড়ির ওই সব মানুষের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’সাদেক হোসেন আরও বলেন, কোথাও ১৮ দলের কর্মসূচি প্রতিহত করার চেষ্টা হলে, সেখানেই আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, তাদের ওপর সর্বোচ্চ আক্রমণ চালাতে হবে। তিনি পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন, ‘অস্ত্রের নল মাটির দিকে রাখুন, এই সরকারের সময় শেষ হয়ে গেছে, এরপর এই নল আওয়ামী লীগের দিকে তাক করতে হবে।’ যেসব পুলিশ গুলি করবে, তাদের নামধাম লিখে রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, আইন করে জামায়াত ও ছাত্রশিবিরকে বন্ধ করা হলেও মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ গত সাড়ে চার বছরে গুম হওয়া নেতা-কর্মীদের ফেরত দেওয়া, গ্রেপ্তার হওয়াদের নিঃশর্ত মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে ১৮-দলীয় জোট এ প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জতউল্লাহ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ প্রমুখ।