নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের শীর্ষ তিন নেতার মুক্তিসহ নানা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে আছে বিক্ষোভ, সমাবেশ, জনসংযোগ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়।আজ রোববার দুপুরে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।এ কর্মসূচির মধ্যে আছে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৩ থেকে ১৫ জুলাই সারাদেশে সভা-সমাবেশ ও বিক্ষোভ, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ১৯ জুলাই সারা দেশে প্রতিবাদ সমাবেশ এবং সরকারের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে ২০ থেকে ২৬ জুলাই জনসংযোগ ও বিভিন্ন শ্রেণী-পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়।সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, জামায়াতের শীর্ষ তিন নেতাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে জামায়াতের আমিরের রক্তচাপ বেড়ে গেছে। তিনি আরও বলেন, সরকার জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে চরমভাবে ব্যর্থ। জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। রোজার আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে দিচ্ছে। সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন করছে।ঘোষিত কর্মসূচির প্রতি বিএনপির সমর্থন কামনা করেছেন কি না, জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, ‘ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দাবি করেন, জনগণ তাঁদের পক্ষে। জনসমর্থন থাকলে জামায়াতের ঝটিকা মিছিল করতে হয় কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমর্থন থাকলেও পুলিশের ভয়ে অনেকে আসে না। ছেষট্টিতে আওয়ামী লীগের ছয় দফা ঘোষণার পর দুই বছর আওয়ামী লীগ কিছুই করতে পারেনি। অথচ তিন বছর বছর পর দেশে গণবিপ্লব হয়ে গেল। একসময় জামায়াতের পক্ষেও জনগণ নামবে।