নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির মানববন্ধন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন কবিরহাট উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।আজ শনিবার সকাল ১০টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দেশ চালাতে ব্যর্থ। তার পরও তারা ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে এবং আন্দোলন দমানোর কৌশল হিসেবে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাসহ অন্য নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। অবিলম্বে যদি গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি দেওয়া না হয়, তাহলে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন কর্মসূচি উপলক্ষে সকাল নয়টা থেকেই উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা দলের সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে উপজেলা সদরে জমায়েত হন। সকাল ১০টায় তাঁরা উপজেলার প্রধান সড়কে (বসুরহাট-সোনাপুর) মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সহসভাপতি নাজমুল হুদা ফরহাদ, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস, পৌর বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।